সাইফ হাসান: কেমব্রিজশায়ারের এ১৪ মহাসড়কে খড় বোঝাই একটি লরিতে ভয়াবহ আগুন লাগায় সড়কটি ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। লরিতে থাকা কয়েক টন খড় একসঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে। আগুন নেভাতে ছয়টি দমকল ইউনিট কাজ করে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কটি পুনরায় চালু হয়।
দমকল জানায়, ব্র্যাম্পটন হাট (হান্টিংডন) থেকে নর্থ্যাম্পটনশায়ারের থ্রাপস্টন পর্যন্ত পশ্চিমমুখী অংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। হান্টিংডন, সেন্ট নিওটস, গামলিংগে, স্ট্যাংগ্রাউন্ড ও চ্যাটারিস থেকে অন্তত ৩০ জন ফায়ারফাইটার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আগুন নেভাতে দমকলকর্মীরা টেলিপোর্টার ব্যবহার করে লরির ওপর থেকে খড় নামান। পরে খড়গুলো ছড়িয়ে পানি দিয়ে ভিজিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কর্মকর্তারা জানান, প্রচুর খড় একসঙ্গে বাঁধা থাকায় পানি পৌঁছানো কঠিন হচ্ছিল, ফলে কাজ দীর্ঘ সময় ধরে চলে।
ক্যামব্রিজশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, সড়ক মেরামত ও আগুনের ছাই পরিষ্কারে আরও সময় লেগেছে। উদ্ধারকারী প্রতিষ্ঠান খড়গুলো ধাপে ধাপে সরিয়ে নেয়। এক মুখপাত্র বলেন, এটি অত্যন্ত কষ্টকর প্রক্রিয়া হলেও সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে দ্রুত সড়ক চালু করা যায়।















