অঙ্গ দানের সচেতনতায় হালসহ বিভিন্ন শহরের ঐতিহাসিক ভবনগুলো রঙিন আলোয় আলোকিত

87

সাইফ হাসান: অঙ্গ দান নিয়ে সচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিভিন্ন স্থাপনা গোলাপি আলোয় সাজানো হয়েছে। হাল সিটি হল থেকে শুরু করে হাসপাতাল ও গির্জা—সবখানেই চলছে এই উদ্যোগ। এনএইচএসের তথ্য অনুযায়ী, গত বছর অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় ৪০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাই সবাইকে অঙ্গ দানের সিদ্ধান্ত নিবন্ধন করতে আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।

অঙ্গ দান সপ্তাহ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় হালের কুইন ভিক্টোরিয়া স্কয়ার, গ্রিমসবির মিনস্টার, ডায়ানা প্রিন্সেস অব ওয়েলস হাসপাতালের ঘড়ির টাওয়ার ও স্কানথর্প জেনারেল হাসপাতালের প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থাপনা আলোকিত করা হচ্ছে।

এনএইচএস হ্যাম্বার হেলথ পার্টনারশিপের অঙ্গ দান বিষয়ক ক্লিনিক্যাল লিড ডা. হরিশ লাদ বলেন, ভবনগুলো দেখতে দারুণ লাগবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এ নিয়ে প্রশ্ন করবে এবং ভাবতে শুরু করবে। তিনি আরও জানান, শুধু এই অঞ্চলে নয়, সারা দেশে প্রতিবছর অনেক জীবন বাঁচানোর সুযোগ নষ্ট হচ্ছে কারণ যথেষ্ট মানুষ অঙ্গ দাতার তালিকায় নিবন্ধন করছেন না।

গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত হ্যাম্বার এলাকায় ২০টি পরিবার অঙ্গ দানে সম্মতি জানিয়েছে। এনএইচএস জানিয়েছে, এই প্রচারণা আরও বেশি মানুষের মধ্যে আলোচনার পথ খুলে দেবে।

এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্টের পরিচালক অ্যান্থনি ক্লার্কসন বলেন, হাল ও আশপাশের এলাকায় মানুষের উচিত মাত্র দুই মিনিট সময় নিয়ে নিবন্ধন করা। এতে একজন নয়, নয়জন পর্যন্ত মানুষের জীবন রক্ষা করা সম্ভব। তার মতে, এটি হতে পারে অন্য কারও জন্য জীবন-মৃত্যুর পার্থক্য।

অঙ্গ দান সপ্তাহকে ঘিরে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হালের এক নার্সের আল্ট্রা-ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ, হাল রয়্যাল ইনফার্মারির নতুন ফুলের বাগান উদ্বোধন এবং স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের ম্যাচে ডিজিটাল স্কোরবোর্ডে প্রচারণা চালানো।