চিচেস্টার সিটির তরুণ ফুটবলার বিলি ভিগার গুরুতর আহত হয়ে কোমায়, সবার প্রার্থনা সুস্থতার জন্য

184

সাইফ হাসান: ইংল্যান্ডের ইস্তমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন চিচেস্টার সিটির ফরোয়ার্ড বিলি ভিগার। মাত্র ২১ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে কোমায় আছেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। ক্লাব জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। পরিস্থিতি এখনো অনিশ্চিত, আর সুস্থ হলেও দীর্ঘ পুনর্বাসনের পথ পাড়ি দিতে হবে।

শনিবার উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খেলার সময় ভিগারের মাথা কংক্রিটের দেয়ালে আঘাত লাগে। তবে ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

বিলি ভিগার ইংল্যান্ডের ওয়ার্থিংয়ের বাসিন্দা এবং আর্সেনালের একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলার। তিনি ডার্বি কাউন্টি, হেস্টিংস এফসি ও ইস্টবর্ন বরোর হয়েও খেলেছেন। তার বয়সী অনেকেই তাকে ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে দেখতেন।

চিচেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, “বিলির মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে আইসিইউতে কৃত্রিম কোমায় আছেন। এখনই কিছু বলা সম্ভব নয়। সবকিছু ভালোভাবে গেলেও সামনে দীর্ঘ পুনর্বাসনের সময় লাগবে।”

ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। ক্লাব ও সতীর্থরাও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিলি ভিগারের জন্য প্রার্থনা করতে।