সাইফ হাসান: ইংল্যান্ডের কেমব্রিজে পড়াশোনা করা ২০ বছরের ছাত্রী হঠাৎ হাঁপানি অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। জো নান নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় পাওয়া যায় নাইটক্লাবের টয়লেটে। তার সঙ্গে ইনহেলার ছিল না এবং বন্ধুরাও জানতেন না তিনি হাঁপানিতে ভুগছেন। হাসপাতালে নেওয়ার পর কয়েকদিন লড়াই করেও তাকে বাঁচানো যায়নি। পরিবার বলছে, ইনহেলার সঙ্গে রাখলেই তার জীবন বাঁচানো সম্ভব হতো।
জো নান কেমব্রিজের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে রাজনীতি নিয়ে পড়াশোনা করছিলেন। ২০২২ সালের ১ মে তিনি মারা যান অ্যাডেনব্রুকস হাসপাতালে। ময়নাতদন্তে জানা যায়, মারাত্মক হাঁপানি অ্যাটাক থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকেই মৃত্যু ঘটে।
তার মা লুইস নান বলেন, মেয়ের মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে জো নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন না এবং চিকিৎসকের কাছে নিবন্ধিতও ছিলেন না। লুইস নানের ভাষায়, “যুবকদের সচেতন হতে হবে, কারণ শুধু ইনহেলার সঙ্গে রাখলেই প্রাণ বাঁচতে পারে।”
শিশু বয়সে জো একাধিকবার হাঁপানির জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে অনেক দিন ধরে বড় কোনো আক্রমণ না হওয়ায় তিনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না। ঘটনার রাতে তিনি বন্ধুদের থেকে আলাদা হয়ে যান এবং টয়লেটে পড়ে যান। পুলিশ রাতেই পরিবারকে খবর দিলে তারা হাসপাতালে ছুটে যান, কিন্তু তখনই ডাক্তাররা জানিয়ে দেন অবস্থা আশঙ্কাজনক।
চ্যারিটি প্রতিষ্ঠান অ্যাজমা অ্যান্ড লাং ইউকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের অবশ্যই জিপি-তে নিবন্ধন করতে হবে, ইনহেলার সঙ্গে রাখতে হবে এবং বন্ধুদের জানাতে হবে যে তারা হাঁপানিতে ভুগছেন। সংস্থার ক্লিনিক্যাল লিড ডা. অ্যান্ডি হুইটামোর বলেন, ফ্রেশার্স সপ্তাহে ধূমপান, অ্যালকোহল, স্ট্রেস, নতুন পরিবেশ ও দূষণের কারণে হাঁপানির ঝুঁকি আরও বেড়ে যায়। তাই হাঁপানি রোগীদের নিয়মিত ওষুধ গ্রহণ ও সচেতনতার বিকল্প নেই।















