আশ্রয়প্রার্থীদের জন্য ‘প্রাথমিক কারাগার’ চাইছেন রবার্ট জেনরিক, রিফর্মের পরিকল্পনা দুর্বল বলেও সমালোচনা

157

সাইফ হাসান: ব্রিটেনের শ্যাডো জাস্টিস সেক্রেটারি রবার্ট জেনরিক বলেছেন, আশ্রয়প্রার্থীদের ক্যাম্পে রাখা উচিত যা হবে ‘প্রাথমিক কারাগারের মতো’। তিনি দাবি করেছেন, দেশকে এখন অন্তত এক দশক নিট অভিবাসন হ্রাসের মধ্য দিয়ে যেতে হবে। রিফর্ম পার্টির পরিকল্পনাকে দুর্বল উল্লেখ করে তিনি বলেছেন, সেখানে কেবল কেবিন আর বেড়া প্রস্তাব করা হয়েছে। জেনরিক আরও বলেন, অবৈধ অভিবাসীদের মতো বৈধ অভিবাসীর সংখ্যাও দেশের ওপর ব্যাপক চাপ তৈরি করছে। তার এই বক্তব্যকে আগামী কনজারভেটিভ নেতৃত্ব দৌড়ের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

এক সাক্ষাৎকারে জেনরিক বলেন, নাইজেল ফারাজের অভিবাসন পরিকল্পনার কিছু অংশ প্রশংসনীয় হলেও রিফর্মের প্রস্তাবিত আবাসন ব্যবস্থা যথেষ্ট কড়া নয়। তার মতে, আশ্রয়প্রার্থীদের ক্যাম্পগুলো যেন ছুটির রিসোর্ট নয় বরং সাধারণ কারাগারের মতো হয়।

তিনি সতর্ক করেন, শুধু পুরুষ অভিবাসীদের লক্ষ্য করলে নারী ও শিশুদের চোরাচালানি চক্র ব্যবহার করতে পারে। এতে অনেক তরুণ পুরুষ মিথ্যা বয়স দেখিয়ে কিশোর সেজে প্রবেশের চেষ্টা করবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে জেনরিক বলেন, এপিং এলাকার একটি হোটেলের বাইরে বিক্ষোভে তিনি এক মায়ের সঙ্গে দেখা করেন যার মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছিল। আবার ডোভার সফরে তিনি দেখেছেন অভিবাসীরা স্থানীয়দের বাড়ির বাগান ও রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে যাচ্ছে, যা তাকে নাড়িয়ে দেয়।

জেনরিক আরও দাবি করেন, অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসনও ব্রিটেনের জন্য বড় ক্ষতিকর কারণ এর চাপ সরকারি সেবায় অসহনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, নিম্ন আয়ের ও নিম্ন দক্ষ অভিবাসন বন্ধ করে কোডার, ডাক্তার ও উদ্যোক্তাদের জন্য সুযোগ রাখা উচিত।

আগামী কনজারভেটিভ পার্টি সম্মেলনের আগে তার এই অবস্থান নতুন বিতর্ক সৃষ্টি করেছে। যদিও তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন কেমি বেডেনককে এবং বলেছেন, দলকে জনগণের আস্থা পুনরুদ্ধারে গঠনমূলক ও সুপরিকল্পিত নীতিতে মনোযোগী হতে হবে। তবে তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সময় চালু হওয়া পয়েন্টভিত্তিক ভিসা ব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করে একে তার জীবদ্দশায় সবচেয়ে বড় নীতিগত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন।