ওয়ানবাংলানিউজ: ফ্রান্সের কেলে উপকূলে সোমবার সকালে নিরাপত্তা বাহিনীকে টহল দিতে দেখা যায়। ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেসব মাইগ্রেনট ব্রিটেনে পাড়ি দিয়েছেন কিংবা পাড়ি দেয়ার চেষ্টা করেছেন, তাদের ফেলে যাওয়া ব্যক্তিগত অনেক কিছু কেলে উপকূলে দৃশ্যমান। সম্প্রতি রেকর্ড সংখ্যক মাইগ্রেনট ব্রিটেনে পৌঁছার চেষ্টা করার প্রেক্ষিতে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার একজন এমপি বললেন, ফ্রান্সের উপকূল টহল দিতে লোকবলের অভাব থাকলে ব্রিটেন থেকেই লোকবল পাঠানো যেতে পারে।
মাইগ্রেনট ইস্যু ব্রিটেন-ফ্রান্স সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি করছে। সোমবার সকালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড ডারমেইন ফ্রান্সের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বললেন, ব্রিটেনের চাকুরীর বাজারই মাইগ্রেনটদের আকৃষ্ট করছে।
চলতি বছর এ পর্যন্ত সাড়ে তেইশ হাজারের বেশী মাইগ্রেনট ছোট নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন। চলতি নভেম্বর মাসেই এ পর্যন্ত ৪ হাজার মাইগ্রেনট এভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। গত বৃহস্পতিবার সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। একদিনে সর্বোচ্চ ১ হাজার ১শ ৮৫ জন মাইগ্রেনট ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন পৌঁছেন।
বোর্ডার ফোরস কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বলছে, বিরাজমান পরিস্থিতি খুবই শোচনীয়।
সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা যেমন চলছে, তেমনি অব্যাহত রয়েছে বিশ্বের ব্যস্ততম শিপিং লাইনে বিপদজনকভাবে পাড়ি দিয়ে মাইগ্রেনটদের ব্রিটেনে প্রবেশ।















