সাইফ হাসান: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল থেকে সরিয়ে নেওয়ার পর নতুন আবাসনের পরিকল্পনা করছে সরকার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শিল্প এলাকা ও সাবেক সামরিক স্থাপনায় মডুলার বা প্রিফ্যাব্রিকেটেড ভবনে রাখা হতে পারে তাদের। ফ্রান্সের সঙ্গে নতুন প্রত্যাবর্তন চুক্তির আওতায় মাসের শেষ দিকে প্রথম দল পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এখনো পুরোপুরি নিশ্চিত নন সময়সীমা নিয়ে।
সরকারি মুখপাত্র জানান, ফ্রান্সের সঙ্গে হওয়া এই চুক্তি অভূতপূর্ব এবং এর মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি উদাহরণ টেনে বলেন, আগের সরকারের রুয়ান্ডা চুক্তি দুই বছরেও চালু করা যায়নি, কিন্তু নতুন ব্যবস্থা ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং আটক হওয়া ব্যক্তিদের ফেরত পাঠানো প্রস্তুত চলছে।
এদিকে কুপার বলেন, হোটেল বন্ধ হলে বিকল্প হিসেবে গুদামঘর বা শিল্প এলাকার মডুলার ভবনে আশ্রয়প্রার্থীদের রাখা হতে পারে। তিনি যোগ করেন, এ ধরনের অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করলেও লক্ষ্য থাকবে মানবিক সহায়তা নিশ্চিত করা।
ডাউনিং স্ট্রিটের দাবি, এসব পরিকল্পনা মূলত চাপ সামলানোর জন্য জরুরি সমাধান। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, শিল্প এলাকা বা সামরিক স্থাপনায় মানুষের বসবাস দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা ও ঝুঁকি তৈরি করতে পারে।















