সাইফ হাসান: যুক্তরাজ্যে ডানপন্থীদের বিরুদ্ধে সরব হয়েছেন বিশিষ্ট নারী সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদরা। তাদের সই করা এক খোলা চিঠিতে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতাকে অজুহাত বানিয়ে অভিবাসনবিরোধী ঘৃণা ছড়ানো বন্ধ করতে হবে। পত্রটিতে পপ গায়িকা প্যালোমা ফেইথ, শার্লট চার্চ, আনুশকা শঙ্করসহ লেবার ও গ্রিন পার্টির একাধিক এমপি সই করেছেন। এতে নাইজেল ফারাজ ও রবার্ট জেনরিকের বক্তব্যকে সরাসরি সমালোচনা করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ডানপন্থীরা নারীদের রক্ষক নন, বরং তাদের ওপর সহিংসতাকে ব্যবহার করছেন বিভেদ ও ঘৃণা উসকে দিতে। এতে সতর্ক করা হয় যে, আশ্রয়প্রার্থী বা অভিবাসীদের দোষারোপ করে সমস্যার সমাধান হবে না, বরং প্রকৃত অপরাধীরা থেকে যাবে আড়ালে। তারা উল্লেখ করেছেন, আশ্রয়প্রার্থীদের অনেকেই নিজেরাই যুদ্ধ, নির্যাতন ও নিপীড়নের শিকার।
সাম্প্রতিক মাসগুলোতে আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলের বাইরে একাধিক বিক্ষোভ হয়েছে। এসব প্রতিবাদে “বিদেশি অপরাধীদের বহিষ্কার করো” ধরনের স্লোগান দেখা গেছে। নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে রবার্ট জেনরিক বলেছিলেন, মধ্যযুগীয় মানসিকতার অভিবাসীরা তার কন্যাদের জন্য হুমকি। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তার দাবি বিভ্রান্তিকর ও ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, যৌন সহিংসতা ব্রিটিশ সমাজেই ব্যাপকভাবে বিদ্যমান, অথচ ক্ষমতাধররা তা উপেক্ষা করে আসছে। জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর বাজেট কাটছাঁট হওয়ায় ভুক্তভোগীরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। সাইনকারীরা জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চাই, মিথ্যা প্রচারণা নয়।
এ খোলা চিঠির উদ্যোগ নিয়েছে স্ট্যান্ড আপ টু রেসিজম সংগঠন। তারা জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে লন্ডনে ফার-রাইট কর্মী টমি রবিনসনের নেতৃত্বে যে বিক্ষোভ ডাকা হয়েছে, তার বিরুদ্ধেও জনসমাবেশের প্রস্তুতি চলছে।















