খেলাধুলা ডেস্ক: টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানা গেছে। মাশরাফি মুর্তজা টি-টোয়েন্টি দল থেকে অবসরের পর গত এপ্রিলে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার এখন টাইগারদের টেস্ট অধিনায়কের দায়িত্বও পেলেন।
এর আগে, শনিবার বিসিবির হাতে শেষ রিপোর্ট জমা দেন টাইগারদের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহ। আর পরদিনই বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন এলো।
২০০৯ সালে প্রথম বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পান সাকিব আল হাসান। ঐ বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক মাশরাফি মুর্তজা ইনজুরিতে পড়লে অধিনায়কের দায়িত্ব পড়ে তার কাঁধে। এরপর ২০১১ সালে সাকিবের অধিনায়কত্বেই বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। তখন সাকিব হারিয়েছিলেন তার অধিনায়কত্ব। এবার ফের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন সাকিব















