মানহানির মামলায় জয়ী গেইল

553

খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জয়ী হয়েছেন ওয়েস্টইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল। ফক্স স্পোর্টস জানায়, তার (গেইলের) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে বলা হয়েছে গেইলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন।

সোমবার নিউ সাউথ ওয়েলস আদালতের তিন নারী ও এক পুরুষ সদস্যের জুরি বোর্ড এ রায় দেন। এতে বলা হয়, ড্রেসিংরুমে মাসাজ থেরাপিস্টের লিয়ানে রাসেলকে গেইল স্বেচ্ছায় নিজের গোপনাঙ্গ দেখাননি। এতে আরো বলা হয় গেইলের বিরুদ্ধে ফেয়ারফ্যাক্স মিডিয়ার দ্য সিডনি মনিং হেরাল্ড, দ্য অ্যাজ ও দ্য ক্যানেভারা পত্রিকায় প্রকাশিত সিরিজ সংবাদ আক্রোশের কারণে প্রকাশিত হয়ছিল।

শুনানির পর আদালতে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। রায়ে অনেক বেশি খুশি হয়েছেন উল্লেখ করে গেইল বলেন, আমি জ্যামাইকা থেকে এ অভিযোগ মিথ্যা প্রমাণ করতে এসেছিলাম। আমি লিগ্যাল টিমকে ধন্যবাদও জানাতে চাই।
তিনি জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো তাকে অনেক বেশি আবেগী করেছিল।

২০১৬ সালে ফেয়ারফ্যাক্স মিডিয়ায় ওই প্রতিবেদনগুলোতে বলা হয়, লিয়ানে রাসেল নামের ওই থেরাপিস্ট দাবি করেন, ২০১৫ বিশ্বকাপে সিডনি ড্রেসিংরুমে লিয়ানে প্রবেশ করতেই নিজের পরনে থাকা তোয়ালে খুলে ফেলেন গেইল।

যদিও গেলো সপ্তাহের সোমবার আদালতে গেইল ওই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, একটি গোষ্ঠী তার বিরুদ্ধে চক্রান্ত করছে। ওই ঘটনার সময় ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যান ডয়েন স্মিথ। গত মঙ্গলবার আদালতকে গেইলের পক্ষ নিয়ে তিনি বলেন, বিষয়টি এরকম ছিল না। এর আগেও দুই নারী সাংবাদিকের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েন ক্যারিবীয় ব্যাটিং দানব।