সাইফ হাসান: ইংল্যান্ডের ব্রিস্টলে ১৯৬৭ সালে লুইসা ডান নামে এক নারীর ধর্ষণ ও হত্যার দায়ে ৯২ বছর বয়সী রাইল্যান্ড হেডলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক মি. জাস্টিস সুইটিং তাকে কমপক্ষে ২০ বছর জেলে থাকার নির্দেশ দিয়েছেন। এটি ইংল্যান্ডের আধুনিক পুলিশি তদন্তে সবচেয়ে পুরনো কোল্ড কেস সমাধান বলে মনে করা হচ্ছে। হেডলি যুক্তরাজ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
বিচারক সুইটিং হেডলিকে বলেন, “আপনি কখনো মুক্তি পাবেন না, জেলেই মারা যাবেন।” তিনি জানান, লুইসা ডান দুই সন্তানের মা এবং বিধবা ছিলেন। ১৮৯২ সালে জন্মগ্রহণকারী এই নারী ব্রিস্টলের ইস্টন এলাকায় একা বসবাস করতেন। তিনি শ্রম আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং পেনশনে সাধারণ জীবনযাপন করতেন। বিচারক বলেন, “আপনি নিষ্ঠুর ও নির্দয়ভাবে লুইসাকে হত্যা করেছেন। তার চিৎকারের জবাবে আপনি শক্তি প্রয়োগ করেছেন। তিনি প্রচণ্ড ভয় ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন।”
প্রসিকিউটর আনা ভিগার্স বলেন, “১৯৬০-এর দশকে সমাজ আজকের তুলনায় ভিন্ন ছিল। তখন এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হতো।” তিনি জানান, হেডলির অপরাধে যৌন উপাদান ছিল, যার জন্য তখন ২০ বছরের সাজা হতো, যদিও আজকের দিনে এটি ৩০ বছর হতে পারত। হেডলি ১৯৬৭ সালে হত্যার পর ব্রিস্টল ছেড়ে লন্ডন ও পরে সাফোকের ইপসউইচে চলে যান। ১৯৭৭ সালে তিনি ইপসউইচে ৭৯ ও ৮৪ বছর বয়সী দুই নারীকে ধর্ষণ করেন। এজন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু আপিলে চিকিৎসকরা তার স্ত্রীর কারণে যৌন হতাশার দাবি তুললে সাজা কমিয়ে মাত্র দুই বছর জেলে থাকেন।
২০২৩ সালে অ্যাভন অ্যান্ড সামারসেট পুলিশের কোল্ড কেস দল লুইসার হত্যার তদন্ত পুনরায় শুরু করে। তার পরিহিত স্কার্ট ও চুলের নমুনা বিশ্লেষণে হেডলির ডিএনএ-র পূর্ণাঙ্গ প্রোফাইল পাওয়া যায়। ২০১২ সালে একটি অপ্রাসঙ্গিক ঘটনায় গ্রেপ্তারের কারণে তার ডিএনএ জাতীয় ডাটাবেসে ছিল। পুলিশ, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও ফরেনসিক বিজ্ঞানীদের নিষ্ঠার ফলে এই পুরনো মামলার সমাধান সম্ভব হয়। বিচারক বলেন, “আপনি ভেবেছিলেন আপনি ধরা এড়িয়ে গেছেন, কিন্তু আইনের হাত থেকে পালাতে পারেনন’i।”
লুইসার নাতনি মেরি ডেইনটন বলেন, “আমরা ভেবেছিলাম হত্যাকারীকে কখনো ধরা যাবে না। এই অপরাধ আমাদের পরিবারের ওপর গভীর প্রভাব ফেলেছে।” তিনি জানান, ধর্ষণ ও হত্যার কলঙ্কের কারণে বন্ধুরা দূরে সরে গিয়েছিল। তিনি বলেন, “আমার মা এই ঘটনা থেকে কখনো সেরে ওঠেননি। হেডলির ধরা পড়া আমার জীবনকে উল্টে দিয়েছে।” তিনি দুঃখ প্রকাশ করেন যে লুইসাকে যারা ভালোবাসতেন, তারা ন্যায়বিচার দেখে যেতে পারেননি। ন্যাশনাল ক্রাইম এজেন্সি হেডলির অন্য সম্ভাব্য অপরাধের তদন্তে পুলিশের সঙ্গে কাজ করছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















