রাজধানীতে ছাত্রদল-পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাংচুর

881

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হাইকোর্ট এলাকায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে দলটির প্রায় ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আজ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যান। প্রতিবার হাজিরা দেয়ার সময় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। আজ দুপুরের দিকে হাইকোর্ট এলাকায় শতাধিক বিএনপি নেতাকর্মী রাস্তায় বের হয় মিছিল করা জন্য।

তিনি আরো বলেন, পুলিশ তাদের মিছিল করতে নিষেধ করলে তারা পুলিশের উপর চড়াও হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে বঙ্গবাজারের সামনে ভাংচুর ও যানবাহনে আগুন দেন বিএনপি সমর্থকরা। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে যান। এসময় আইনজীবীর মাধ্যমে তিনি দুই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।