ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ফাঁস: সাত ইরানি সহ আটজন গ্রেপ্তার!

54

সাইফ হাসান: ইংল্যান্ডের বিভিন্ন শহরে পুলিশের অভিযানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। শনিবার দুটি পৃথক অভিযানে সাত ইরানি নাগরিক সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। লন্ডন, সুইন্ডন এবং গ্রেটার ম্যানচেস্টারে চালানো এই অভিযানে পুলিশ নির্দিষ্ট স্থানে হামলার পরিকল্পনা ফাঁস করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, পাঁচজন সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে হামলার পরিকল্পনা করছি। এদের মধ্যে চারজন ইরানি, এবং পঞ্চম জনের জাতীয়তা এখনো নিশ্চিত হয়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ম্যানচেস্টার, একজন পশ্চিম লন্ডন এবং আরেকজন সুইন্ডন থেকে ধরা পড়ে। পুলিশের কাউন্টার-টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, “এটি একটি দ্রুতগতির তদন্ত। আমরা কোনো সম্ভাব্য ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখছি।” তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।

রোচডেলের একটি অভিযানে সশস্ত্র পুলিশ একটি বাড়িতে হানা দেয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া ফুটেজে দেখা যায়, সেমি-অটোমেটিক রাইফেলধারী পুলিশ একজনকে হাতকড়া পরিযে মাটিতে শুইয়ে দেয়। স্থানীয় বাসিন্দা অ্যামি ওপেনশ, যিনি একজন পেইন্টার, বলেন, “আমার পাঁচ বছরের মেয়ে বাগানে খেলছিল। হঠাৎ মুখোশধারী লোকজন এসে ভিতরে ঢুকতে বলে। আমরা ভয়ে মাটিতে শুয়ে পড়ি।” তিনি আরো বলেন, “একটা বিকট শব্দ হয়, যেন বোমা ফাটল।”

স্টকপোর্টের একটি শিশুদের খেলার মাঠের কাছে আরেক ইরানিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দা সারাহ ক্যাশ (৪৯) বলেন, “আমার ছেলেকে খেলার মাঠ থেকে আনতে পারিনি। এটা ভয়াবহ। কোথায় হামলার পরিকল্পনা ছিল, তা জানি না। এখানে তো ম্যানচেস্টার এয়ারপোর্ট, কো-অপ অ্যারেনার মতো গুরত্বপূর্ণ স্থান আছে।”

অন্য একটি অভিযানে লন্ডনে তিন ইরানি গ্রেপ্তার হয়। তাদের মধ্যে দুজন (৩৯ এবং ৪৪ বছর বয়সী) উত্তর-পশ্চিম লন্ডন থেকে এবং একজন (৫৫ বছর বয়সী) পশ্চিম লন্ডন থেকে ধরা পড়ে। পুলিশ জানায়, এই গ্রেপ্তার শুক্রবারের আরেকটি অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়।

ইউকে’র গৃহসচিব ইয়েভেট কুপার বলেন, “এই গ্রেপ্তার গুরুতর ঘটনার প্রমাণ। জাতীয় নিরাপত্তার জন্য আমাদের প্রতিক্রিয়া আরো জোরদার করতে হবে।” এমআই৫ প্রধান কেন ম্যাককলাম গত অক্টোবরে বলেছিলেন, ইরান-সমর্থিত সন্ত্রাসীরা যুক্তরাজ্যে একের পর এক হামলার পরিকল্না করছে। ২০২২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০টি হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছে।

রোচডেলের ইস্ট স্ট্রিটে পুলিশের তৎপরতা এখনো অব্যাহত। ফরেনসিক টিম সেখানে প্রমাণ সংগ্রহ করছে। স্থানীয়রা বলছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে আরো তিন-চারজন থাকতেন, যারা প্রায়ই আসা-যাওয়া করতেন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian