সপ্তাহে মাত্র ১.৯২ পাউন্ড বেশি আয়ের জন্য ঋণের বোঝা অটিস্টিক ছেলের মায়ের কাঁধে!

129

সাইফ হাসান: লন্ডনের ফেলথামে বসবাসকারী ওকসানা শাহারের জীবন যেন হঠাৎ করেই দুঃস্বপ্নে রূপ নিয়েছে। তার ১৫ বছর বয়সী অটিস্টিক ছেলে ড্যানিয়েলের যত্ন নেওয়ার পাশাপাশি তিনি স্কুলে খাবার পরিবেশনের কাজ এবং স্পোর্টস ডাইরেক্টে জিরো-আওয়ার চুক্তিতে কাজ করতেন। কিন্তু ব্রিটিশ সরকারের কঠোর নিয়মের কারণে মাত্র সপ্তাহে ১.৯২ পাউন্ড বেশি আয়ের জন্য তাকে এখন ১০,১৮০.৪৫ পাউন্ড (প্রায় ১২ লাখ টাকা) ফেরত দিতে হচ্ছে।

গত ৩ মে, ২০২৫, শনিবার সন্ধ্যাठটায় ওকসানা ও তার স্বামী গাই শাহারের কাছে সরকারি চিঠি আসে। চিঠিতে বলা হয়, তিনি কেয়ারার্স অ্যালাওয়েন্সের আয়ের সীমা লঙ্ঘন করেছেন। গাই বলেন, “এটা অবিশ্বাস্য মনে হয়েছিল। আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই ভুল।” কিন্তু কোনো ভুল ছিল না। পাঁচ বছরে ওকসানার মোট আয় নিয়মের চেয়ে ৫০৫ পাউন্ড বেশি ছিল, যা সপ্তাহে গড়ে মাত্র ১.৯২ পাউন্ড। তবুও তাকে পুরো ১০,১৩০.৪৫ পাউন্ড, সঙ্গে ৫০ পাউন্ড জরিমানা দিতে হবে।

ওকসানার স্বামী গাই, যিনি ট্রান্সফরমিং অটিজম নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন, বলেন, “এই ঋণ আমাদের আর্থিকভাব ধ্বংস করে দেবে। এটা এতটাই অন্যায় যে মনে হয় এটা বাস্তব হতে পারে না।” তিনি আরও বলেন, “২০১৮ সাল থেকে এই অতিরিক্ত আয় শুরু হয়, কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) আমাদের কখনো সতর্ক করেনি। ছয় বছর পর তারা হঠাৎ এই বিশাল জরিমানা চাপিয়েছে।”

ডিডব্লিউপি’র নিয়ম অনুযায়ী, কেয়ারাররা সপ্তাহে ১৯৬ পাউন্ডের বেশি আয় করলে পুরো সপ্তাহের ভাতা ফেরত দিতে হয়। ওকসানার ক্ষেত্রে কিছু সপ্তাহে তিনি মাত্র ৩৮ পেন্স বেশি আয় করেছেন, তবুও তাকে প্রতিবার ৬৪.৬০ পাউন্ড ফেরত দিতে হচ্ছে। এই নিয়মকে অনেকে “নিষ্ুর” এবং “অযৌক্তিক” বলে সমালোচনা করেছেন। ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যে প্রায় ১ লাখ কেয়ারার এই নিয়মের কারণে ২০,০০০ পাউন্ড পর্যন্ত ঋণ পরিশোধ করছেন।

ওকসানার পরিবার এই জরিমানার বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু প্রথম আপিল বাতিল হয়। এখন তারা দ্বিতীয় আপিলের ফলাফলের অপেক্ষায়। গাই বলেন, “এটা আমাদের জীবনের ভিত্তি কেড়ে নিচ্ছে। যারা আমাদের সমর্থন করার কথা বলেছিল, তারাই এখন আমাদের শাস্তি দিচ্ছে।”

কেয়ারার্স ইউকে’র প্রধান নির্বাহী হেলেন ওয়াকার বলেন, “শাহার পরিবারের মতো ক্ষেত্রে ঋণ মাফ করা উচিত। এই ঘটনা বর্তমাননিয়মের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে।” ডিডব্লিউপি জানিয়েছে, তারা ওকসানার ঋণ পরিশোধ স্থগিত করেছে এবং একটি স্বাধীন তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন এই গ্রীষ্মে প্রকাশিত হবে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian