সাইফ হাসান: ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় মুখ লরেন কেলি স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন। ৬৫ বছর বয়সী এই উপস্থাপিকা সম্প্রতি তার ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন। আইটিভি’র ‘লরেন’ শো’র এই তারকা জানিয়েছেন, এটি ছিল একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। অস্ত্রোপচারের পর তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
লরেন কেলি তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, “আমি আজ একটি ছোট অসত্রোপচার করাচ্ছি। কিছুদিন ধরে আমার শরীর ভালো লাগছিল না। স্ক্যান ও পরীক্ষার পর ডাক্তাররা আমার ডিম্বাশয় এবং টিউব অপসারণের পরামর্শ দিয়েছেন।” তিনি আরও বলেন, “এটি কীহোল সার্জারির মাধ্যমে করা হচ্ছে, যা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত সেরে ওঠা যায়।”
এনএইচএস-এর তথ্য অনুযায়ী, কীহোল সার্জারিতে ছোট ছোট কাট দিয়ে অপারেশন করা হয়, যা দ্রুত পুনরুদ্ধারে সহায়ক। এই পদ্ধতিতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠেন। লরেন জানিয়েছেন, তিনি গাইনোকোলজিস্ট ডা. আহমেদ রাফাত এবং হাসপাতালের কর্মীদের কাছে কৃতজ্ঞ। িনি বলেন, “আমি খুব ভালো চিকিৎসা পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
অস্ত্রোপচারের খবর প্রকাশের পর লরেনের সহকর্মী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। ‘গুড মর্নিং ব্রিটেন’ উপস্থাপিকা সুজানা রিড বলেছেন, “তোমার জন্য অনেক ভালোবাসা রইল।” এছাড়া জুলিয়া ব্র্যাডবেরি এবং কেটি পাইপারের মতো তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন।
লরেন কেলি ২০২৪ সালে টেলিভিশনে তার ৪০ বছর পূর্ণ করেছেন। তিনি ২০১০ সাল থেকে ‘লরেন’ শো পরিচালনা করছেন। এর আগে তিনি ১৯৮৪ সালে বিবিসি স্কটল্যান্ডে সাংবাদিকতা শুরু করেন এবং ১৯৯০ সালে ‘গুড ম্নিং ব্রিটেন’ এ উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ারে নতুন মোড় আনেন।
তার এই সাহসী পদক্ষেপ অনেকের জন্য স্বাস্থ্য সচেতনতার বার্তা হিসেবে কাজ করছে। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















