যুবকের উপর হামলা: টেইনমাউথ সমুদ্র সৈকতে গ্রেপ্তার!

195

সাইফ হাসান: যুক্তরাজ্যের ডেভনের টেইনমাউথ সমুদ্র সৈকতে শুক্রবার রাতে একটি বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনায় এক কিশোরের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রাত ৮:৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাতে টেইনমাউথের ব্যাক বিচে প্রায় ৫০ থেকে ১০০ জন কিশোর ও প্রাপ্তবয়স্ক জড়ো হয়েছিল। এ সময় এক কিশোরের উপর অস্ত্র দিয়ে হামলার খবর পায় ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ। হামলায় আক্রান্ত কিশরের মাথায় সামান্য আঘাত লাগে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ এ ঘটনার কোনো ভিডিও ফুটেজ বা জড়িত ব্যক্তিদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। ডিটেকটিভ সার্জেন্ট এমা বুবিয়ার বলেন, “এ ধরনের ফুটেজ শেয়ার করা আইনের লঙ্ঘন হতে পারে। বিশেষ করে ১৮ বছরের কম ব়সী কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা আইনত নিষিদ্ধ।”

তিনি আরও বলেন, “এটি একটি চলমান তদন্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় নিয়ে কোনো ধরনের গুজব ছড়াবেন না।” পুলিশ জানিয়েছে, যদি কারও কাছে এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। টেইনমাউথের ব্যাক বিচ সাধারণত পর্যটক ও স্থানীয়দের জন্য একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এ ধরনের ঘটনা এলাকায় বিরল। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত টহল জোরদার করেছে।

এই প্রতিবেদনের সূত্র: BBC