প্লাইমাউথে স্ত্রীকে নৃশংসভাবে খুন: আজীবন কারাদণ্ড পেল পল বাটলার

145

সাইফ হাসান: ব্রিটেনের প্লাইমাউথে নিজের বিচ্ছিন্ন স্ত্রী ক্লেয়ার চিককে ২৩ বার ছুরিকাঘাতে হত্যার দায়ে পল বাটলার (৫৩) নামে এক ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, কমপক্ষে ২৭ বছর জেলে কাটাতে হবে তাকে। গত ২৩ জানুয়ারি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ক্লেয়ারের অ্যাপার্টমেন্টের বাইরে।

ক্লেয়ার (৪৮), একজন নার্স ও প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। তিনি পুলিশের কাছে ছয়বার অভিযোগ করেছিলেন যে, বাটলার তাকে হয়রানি ও অনুসরণ করছে তিনি পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে নিজের আইনজীবীকে ইমেইল করে বলেছিলেন, “পুলিশ তাদের সবটুকু করছে না।” আদালতে জানা যায়, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। ক্লেয়ার বন্ধুদের কাছে বলেছিলেন, বাটলারের হাতে তার জীবন “নরকের মতো” হয়ে উঠেছিল।

আদালত শুনেছে, বাটলার ক্লেয়ারের গাড়িতে ট্র্যাকার লাগিয়েছিলেন এবং তাকে আত্মহত্যার হুমকি দিয়ে বারবার বার্তা পাঠাতেন। তিনি জামিনের শর্ত ভঙ্গ করেও ক্লেয়ারকে বিরক্ত করতে থাকেন। হত্যার দিন বাটলার ছদ্মবেশে ছুরি কিনে পরিকল্পিতভাবে আক্রমণ করেন। সিসিটিভি ফুটজে দেখা যায়, ক্লেয়ার চিৎকার করে বলছেন, “আমাকে ছেড়ে দাও।” কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রসিকিউটর জোয়ানা মার্টিন বলেন, “ক্লেয়ার বিশ্বাস করতেন, বাটলার তাকে খুন করবে।” হত্যার পর বাটলার ছুরি ও জামাকাপড় ফেলে পালিয়ে যান। তিনি পূর্বে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

প্লাইমাউথ বিশ্ববিদ্যালয় ক্লেয়ারকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করেছে। তার মৃত্যুর পর ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ স্বাধীন তদন্ত সংস্থার কাছে ঘটনাটি পাঠিয়েছে।

এই প্রতিবেদনের সূ্র: The Guardian