ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-যুক্তরাজ্য চুক্তি: তরুণদের জন্য ১২ মাসের ওয়ার্ক ভিসার পথ খুলছে!

197

শিরোনাম:

সাইফ হাসান: ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে। ইইউ এখন ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্রিটিশ এবং ইউরোপীয় তরুণদের জন্য একটি ‘ইয়ুথ এক্সপেরিয়েন্স’ প্রোগ্রামের আওতায় ১২ মাসের ওয়ার্ক ভিসা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে সীমিত সংখ্যক ভিসা এবং নির্দিষ্ট খাতে কাজের শর্ত থাকবে বলে জানা গেছে।

ইইউ সূত্র জানায়, এই প্রোগ্রামকে ‘ইয়ুথ এক্সপেরিয়েন্স’ নামে নতুনভাবে ব্র্যান্ড করা হে, যাতে ইমিগ্রেশনের পথ খোলার কোনো ধারণা না থাকে। গত শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, “দুই পক্ষই বিভিন্ন ইস্যুতে আলোচনা করছে, যা আলোচনার স্বাভাবিক অংশ।”

এই প্রস্তাব গত বছর এপ্রিলে প্রথম উত্থাপিত হয়েছিল, তবে লেবার এবং কনজারভেটিভ পার্টি তখন এটি প্রত্যাখ্যান করে। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জন্য এটি এখন অগ্রাধিকার হয়ে উঠেছে। একটি সূত্র জানায়, এক বছরের ভিসার সঙ্গে আরও এক বা দুই বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হতে পরে।

যুক্তরাজ্য ইতোমধ্যে ১২টি ইইউ-বহির্ভূত দেশের সঙ্গে ইয়ুথ মোবিলিটি স্কিম চালু রেখেছে। ২০২৩ সালে এই স্কিমের আওতায় মাত্র ২৩,০০০ তরুণ যুক্তরাজ্যে এসেছিল, যার মধ্যে ৯,৯০০ জন ছিল অস্ট্রেলিয়া থেকে।

জার্মানির যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত মিগুয়েল বার্গার বিবিসি রেডিও ৪-এ বলেন, “আমি এখন বেশ আশাবাদী যে আমরা সঠিক পথে এগোচ্ছি। এটি কম আয়ের পরিবারের তরুণদের জন্য বিদেশে কাজ করার এবং নতুন ভাষা শেখার সুযোগ করে দেবে।”

আগামী ১৯ মে লন্ডনে অনুষ্ঠিতব্য ইইউ-যুক্তরাজ্য সম্মেলনের জন্য প্রস্তুতি চলছে। আলোচনায় প্রতিরক্া, কার্বন প্রাইসিং, মাইগ্রেশন, শক্তি, মৎস্য এবং তরুণদের অভিজ্ঞতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, উত্তর আয়ারল্যান্ডে পশুচিকিৎসা ওষুধের সহজ প্রবেশাধিকার এবং রাসায়নিক নিয়ন্ত্রণে যৌথ নীতির প্রস্তাবও উঠেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian