হরাইজন কেলেঙ্কারি: পোস্ট অফিস ৬০০ মিলিয়ন পাউন্ড খরচ করেও ব্যর্থ!

66

সাইফ হাসান: ব্রিটিশ পোস্ট অফিসের বিতর্কিত হরাইজন আইটি সিস্টেম নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। ত্রুটিপূর্ণ এই সিস্টেম চালিয়ে যেতে গত এক দশকে ৬০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ হয়েছে, যদিও ১৯৯৯ সালেই সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

১৯৯৯ সালে জাপানি কোম্পানি ফুজিৎসুর সঙ্গে ৫৪৮ মিলিয়ন পাউন্ডের চুক্তি স্বাক্ষরের আগে ট্রেজারি থেকে ব্লেয়ারকে জানানো হয়, হরাইজনের মূল কোডের মালিকানা পোস্ট অফিসের হাে থাকবে না। এটি সরবরাহকারী পরিবর্তনকে কঠিন করে তুলবে। ফুজিৎসু “পোস্ট অফিসের সঙ্গে ব্যয়বহুল সমঝোতার জন্য শক্তিশালী অবস্থানে থাকবে,” বলে সতর্ক করা হয়।

পোস্ট অফিস ২০১২ সাল থেকে নতুন সরবরাহকারী খুঁজতে শুরু করে এবং ২০১৫ সালে আইবিএমকে নতুন সিস্টেম তৈরির দায়িত্ব দেয়। কিন্তু ৪০ মিলিয়ন পাউন্ড খরচের পর ২০১৬ সালে প্রকল্পটি বাতিল হয়। ২০২২ সালে অ্যামাজনের ক্লাউড সিস্টেমে নতুন প্রকল্পও ব্যর্থ হয়। বর্তমানে নিজস্ব সিস্টেম এনবিআইটি তৈরির কাজ চলছে, তবে এর খরচ ১ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে এবং ২০৩০ সাল পর্যনত ফুজিৎসুর সঙ্গে কাজ চলতে পারে।

পোস্ট অফিসের একজন মুখপাত্র বলেন, “আমরা পোস্টমাস্টারদের কেন্দ্রে রেখে ভবিষ্যতের জন্য উপযুক্ত পোস্ট অফিস গড়তে সংস্কার করছি।”

এদিকে, পোস্ট অফিস আগামী সপ্তাহে ৩০টি ব্যাংকের সঙ্গে ১.৭৫ বিলিয়ন পাউন্ডের নতুন পাঁচ বছরের চুক্তি ঘোষণা করবে। বার্কলেস, এইচএসবিসি, লয়েডস, ন্যাটওয়েস্ট ও সান্তান্দেরসহ ব্যাংকগুলোর গ্রাহকরা পোস্ট অফিসের শাখায় সেবা পাবেন। বর্তমান চুক্তির তুলনায় এটি বছরে ১০০ মিলিয়ন পাউন্ড বেশি আয় আনবে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian