সাইফ হাসান: যুক্তরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারগুলোতে কর্মরত প্রিজন অফিসাররা এখন ইলেকট্রিক শক গান (টেজার) ব্যবহারের দাবি তুলেছেন। গত ১২ এপ্রিল ডারহামের এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড কারাগারে তিনজন প্রিজন অফিসারের ওপর হামলার ঘটনার পর এ দাবি জোরালো হয়েছে। হামলাকারী হাশেম আবেদি, ম্যানচেস্টার এরিনা বোমা হামলার সঙ্গে জড়িত একজন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী। আগামী বুধবার বিচার সচিব শাবানা মাহমুদের সঙ্গে বৈঠকে এই দাবি তুলবে প্রজন অফিসার্স অ্যাসোসিয়েশন (পিওএ)।
হামলার বিবরণ: গত শনিবার ফ্রাঙ্কল্যান্ড কারাগারের সেপারেশন ইউনিটের রান্নাঘরে হাশেম আবেদি তিনজন অফিসারের ওপর হামলা চালান। তিনি গরম রান্নার তেল ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। একজন অফিসারের শরীরে পাঁচবার ছুরিকাঘাত করা হয়। দুজন গুরুতর আহত হন। আবেদি, যিনি ৫৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন, এর আগেও বেলমার্শ কারাগারে অফিসারদের ওপর হামলা করেছিলেন।
পিওএ-এর দাবি: পিওএ-এর চেয়ার মার্ক ফেয়ারহার্স্ট বলেন, “আমাদের জীবন হুমকির মুখে পড়লে টেজার ব্যবহারের বিকল্প দরকার। বর্তমানেআমাদের কাছে শুধু পাভা স্প্রে আর লাঠি আছে, যা ধারালো অস্ত্রের মোকাবিলায় যথেষ্ট নয়।” তিনি আরও বলেন, ফ্রাঙ্কল্যান্ড, বেলমার্শ, ফুল সাটন, লং লার্টিন ও হোয়াইটমুরের মতো উচ্চ নিরাপত্তার কারাগারে বিশেষ টিমের জন্য টেজার চালু করা জরুরি। এছাড়া, সন্ত্রাসী ও বিপজ্জনক বন্দীদের জন্য আমেরিকার “সুপারম্যাক্স” ধাঁচের কঠোর নিয়ম চালুর দাবিও তুলেছেন তিনি।
সরকারের প্রতিক্রিয়া: বিচার সচিব শাবানা মাহমুদ বলেন, “এই হামলা কীভাবে হলো এবং ভবিষ্যতে অফিসারদের সুরক্ষায় কী করতে হবে, তা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা শুরু হয়েছে।” ইোমধ্যে সেপারেশন ইউনিটে বন্দীদের ছুরি ব্যবহার ও রান্নাঘরে খাবার তৈরির সুযোগ বন্ধ করা হয়েছে।
তদন্তের অগ্রগতি: হামলার ঘটনায় কাউন্টার-টেররিজম পুলিশ তদন্ত করছে। তারা কারাগারে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্রটি কীভাবে তৈরি হলো এবং সন্ত্রাসী উগ্রবাদী সাহিত্যের কোনো চিহ্ন আছে কিনা, তা খুঁজছে। একই ইউনিটে আনজেম চৌধুরী নামে আরেক সন্ত্রাসীও রয়েছেন, যিনি সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















