ব্রেক্সিটের ধাক্কায় বাচ্চাদের ক্যান্সার চিকিৎসায় বিপর্যয়!

57

সাইফ হাসান: ব্রেক্সিটের জটিলতায় যুক্তরাজ্যের শিশু ক্যান্সার রোগীদের জন্য অত্যাধুনিক ওষুধ ও চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে। ফ্রান্সের প্যারিস ও যুক্তরাজ্যের বার্মিংহামের যৌথ গবেষণায় ওষুধ আমদানির খরচ প্রায় চার গুণ বেড়েছে। এতে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে।

ই-স্মার্ট নামের একটি গবেষণায় শিশু, কিশোর ও তরুণদের জন্য নতুন ওষুধ ও কেমোথেরাপি পরীক্ষা করা হচ্ছে। কিন্তু ব্রেক্সিটের কারণে এই গবেষণার জন্য ওষুধ আমদানির খরচ ৫২,০০০ ইউরো থেকে বেড়ে ২,০৫,০০ ইউরো (১,৭৫,০০০ পাউন্ড) হয়েছে। কাগজপত্র, লাইসেন্স ও আমদানির জটিলতায় এই খরচ বেড়েছে।

বার্মিংহামের বিজ্ঞানীদের ওষুধ প্রত্যয়নের জন্য অতিরিক্ত দায়িত্বশীল ব্যক্তি (কিউপি) নিয়োগ করতে হয়েছে, যা সময় ও অর্থের অপচয় করেছে। ফলে ইউরোপের অন্য দেশে গবেষণার নতুন ধাপ শুরু হলেও যুক্তরাজ্যে তা বন্ধ ছিল। এতে ব্রিটিশ রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

যুক্তরাজ্যের ই-স্মার্ট গবেষণার প্রধান ড. লিনলি মার্শাল বলেন, “কিউপি প্রত্যয়নের বিলম্বে সময় ও অর্থ নষ্ট হয়েছে, যা রোগীদের চিকিৎসায় ব্যয় হতে পারত। ক্যান্সারে আকরান্ত শিশু ও তরুণদের জন্য এই অপেক্ষা মানা যায় না।” তিনি আরও বলেন, “এই বিলম্ব শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের অন্য দেশের রোগীদেরও ক্ষতি করছে।”

এদিকে, অ্যাড অ্যাসপিরিন নামের আরেকটি গবেষণায় অ্যাসপিরিন ক্যান্সার ফিরে আসা রোধ করতে পারে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এতে অতিরিক্ত ৫০,০০০ পাউন্ড খরচ হচ্ছে। যুক্তরাজ্যের জন্য অ্যাসপিরিন প্রত্যয়নে ২২,০০০ পাউন্ড ব্যয় হয়েছে। আয়ারল্যান্ডের জন্য স্পেন থেকে সরাসরি শিপিংয়ের খরচ ব্রেক্সিটের আগের তুলনায় ১০ গুণ বেড়েছে, যা পুরো গবেষণায় ২৫,০০০ পাউন্ড অতিরিক্ত খরচ যোগ করবে

এই প্রতিবেদনের সূত্র: The Guardian