বাংলাদেশকে এখনো পাকিস্তান বানানোর চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

621

ঢাকা সংবাদদাতা: সংববাংলাদেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে। এখনো বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর চেষ্টা চালানো হচ্ছে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইনু আরো বলেন, বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর এই চক্রান্ত শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে। আর জেনারেল জিয়া ও বেগম খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ। সাম্প্রদায়িক ও মিথ্যা রাজনীতির পথ। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না সাম্প্রদায়িকতার পথ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধারা সম্মানিত হবে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধা দিবসে একটাই শপথ হতে পারে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের শক্তির পথে পরিচালিত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়াতে হবে। আর রাজাকারের বন্ধু, জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়াকে বর্জন করতে হবে।
ইনু বলেন, বেগম খালেদা জিয়া সরাসরি রাজাকার ও জঙ্গিদের পক্ষ নিয়ে চক্রান্তের রাজনীতি করছেন। আর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেত্রী হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের পথে নিয়ে যাবার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছেন।
এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।