চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের ৫৭ ধারায় মামলা

410

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) গভীর রাতে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দাখিল করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, শিক্ষক মাইদুল ইসলাম বিভিন্ন সময় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে পোস্ট দিয়েছেন।

তিনি আরো জানান, আমরা ছাত্রলীগে নেতার দায়ের করা মামলা গ্রহণ করে শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রলীগের রোষানলে পড়েন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী। তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ছাত্রলীগ। হুমকির মুখে দুই শিক্ষক ক্যাম্পাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি মাইদুল ইসলাম চবি ক্যাম্পাসের বাসাও ছেড়ে দিয়েছেন।

এর আগে গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নিদের্শ দিয়েছে।

প্রসঙ্গত, শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদি ইফতেখারুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।