বার্মিংহাম সিটি কাউন্সিলে ৬ বাঙ্গালী প্রার্থীর মনোনয়ন নিশ্চিত

1255

এম এ জামান, লন্ডন: বিলেতের স্থানীয় নির্বাচন এখনো অনেক দুরে, ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হবার কথা। কিন্তু বৃটেনের সর্বত্র শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারনা। বেশির ভাগ ক্ষেত্রে মেয়র ও কাউন্সিলার পদে বিভিন্ন দল তাদের প্রার্থী মনোনয়ন সম্পন্ন করেছে।

প্রার্থীরা গণ সংযোগ ও ক্যাম্পেইনে ব্যস্ত সময় পার করছেন। বাঙ্গালী ও অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকায় প্রার্থীরা জুমার দিনে কুশল বিনিময় ও প্রচারনার সুযোগ হাত ছাড়া করছেন না। সংবাদ পত্রের পাশাপাশি প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে বাঙ্গালী অধ্যুষিত এলাকা গুলোতে মেইন স্ট্রিম রাজনীতিতে বাঙ্গালীদের সম্পৃক্ততা ও নির্বাচনে অংশ গ্রহণের প্রবনতা ব্যাপক হারে লক্ষ্য করা গেছে।

বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে এবারে বিভিন্ন দল থেকে ছয় জন বাঙ্গালী কাউন্সিলার পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কনজারভেটিভ পার্টি থেকে ৪জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে ১জন এবং লেবার পার্টি থেকে ১জন।
কনজারভেটিভ পার্টির ৪জন বাঙ্গালী প্রার্থী হচ্ছেন স্মলহিথ ওয়ার্ডে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিয়ানীবাজারের কবির উদ্দিন, আস্টন ওয়ার্ডে জাহিদ চৌধুরী, লজেল্স ওয়ার্ডে আব্দুল খালিক ও তামান্না জায়গীরদার। লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে তাইজলি ওয়ার্ডে সৈয়দ জমসেদ আলী এবং লেবার পার্টি থেকে সাবেক তিন তিন বারের নির্বাচিত কাউন্সিলার জিয়াউল ইসলাম। এবারের নির্বাচনে বার্মিংহাম সিটি কাউন্সিলে কবির উদ্দিন ও জিয়া উল ইসলাম সহ আরো কয়েক জন নির্বাচিত হবার সুযোগ সৃষ্টি হয়েছে।