ওয়ানবাংলানিউজ: ওয়েলসের এক সেকেন্ডারি স্কুলের হেড টিচার চার কিশোরীকে ফুসলিয়ে যৌন নিপীড়ন করার অপরাধে আদালত তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক ৬৬ বছর বয়স্ক নীল ফোডেন। তিনি নর্থ ওয়েলসের বাঙ্গর শহরের ইসগল ফ্রায়ারস হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন; পরে তিনি আরেকটি হাই স্কুলে স্বল্প মেয়াদে স্ট্রেটিজিক সুপারহেড ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে সংঘটিত যৌন অপরাধের দায়ে গত মে মাসে তাঁর বিরুদ্ধে ১৯টি অভিযোগ গঠন করা হয়।
নীল ফোডেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে তিনি উচ্চ মর্যাদায় আসীন একজন সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ছিলেন, যাকে নিয়মিত বিভিন্ন জাতীয় টেলিভিশন ও রেডিওর সংবাদে গুরুত্বপূর্ণ মতামত দিতে দেখা যেতো।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয় নীল ফোডেনকে। কেননা তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া যায়। (
প্রথম কিশোরী তাঁর অভিযোগ নিয়ে আসার পর আরও তিন কিশোরী একই ধরনের অভিযোগ নিয়ে আসে নীল ফোডেনের বিরুদ্ধে। তারাও একই ধরনের ফুসলানো এবং যৌন নিপীড়নের অভিযোগ করে।
বিচারের শুনানিতে উঠে আসে নীল ফোডেন কতোটা বিশ্বস্ত ছিলেন সবার কাছে। ২০১৯ সালে একটি মেয়েকে আলিঙ্গন এবং চুমু দিয়ে গাড়িয়ে তোলেন তিনি, যা অনেকেই দেখেছে। পরে জানা গেছে সেই মেয়েটি তাঁর অন্যতম শিকার ছিল। নীল ফোডেনের সহকর্মীরা তাঁর আচরণে উদ্বিগ্ন হয়ে স্থানীয় কর্তৃপক্ষ গুইনেড কাউন্সিলের সাথে যোগাযোগ করেন। কিন্তু কোনো আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কাউন্সিল বিষয়টি তদন্ত করেনি। বরং স্থানীয় প্রশাসনের একজন প্রতিনিধি কেবল টেলিফোনে একবার তাঁর সাথে কথা বলেছিলেন। কাউন্সিলের এমন উদাসীনতাকে মেনে নিতে পারছেন না একজন অভিভাবক, যার মেয়ে নীল ফোডেনের শিকার ছিল না, কিন্তু তাঁর সাথে ওয়ান-টু-ওয়ান যোগাযোগ হয়েছে।
এক বিবৃতিতে গুইনেড কাউন্সিল জানিয়েছে, তাঁরা নীল ফোডেনের অপরাধের কথা জানতে পেরে রীতিমত আতংকিত। যৌন নিপীড়নের শিকার মেয়েরা অভিযোগ নিয়ে এগিয়ে আসায় তাদের সাহসিকতার প্রশংসা করেছে কাউন্সিল।
ইসগল ফ্রায়ারস হাই স্কুলের সাবেক এই গভর্নর অপরাধগুলো সঙ্ঘটনের আগেই স্কুল ছেড়ে যান।
আদালতের শুনানিতে সকল অভিযোগ অস্বীকার করে নীল ফোডেন বলেন, ভিকটিম মেয়েরা মিথ্যা অভিযোগ করেছে। আদালতে তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি যৌন কাজে অক্ষম। কিন্তু ভিকটিম মেয়েরা আদালতে বলেছে, তাদের সাথে এমন আচরণের পর তাঁরা মানুষকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে।
নীল ফোডেন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর এখন বিষয়টি নিয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড প্র্যাকটিস রিভিউ হবে।















