ওয়ানবাংলানিউজ: করোনা মহামারী চলাকালে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে স্বাভাবিক অংকের টিউশন ফী নিলেও শিক্ষাদান হয়েছিল মূলতঃ অনলাইনে। উপরন্তু সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের কারণেও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে স্বাভাবিক মানের সেবা পায়নি শিক্ষার্থীরা; অনেক ক্ষেত্রে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল তাঁরা। একারণে হাজার হাজার শিক্ষার্থী এখন তাদের ক্ষতিপূরণ চায়। নটিংহাম ইউনিভারসিটিতে চার বছরের একটি ভাষা শিক্ষা কোর্স করেছিলেন এলি কোল্ডওয়েল। তিনি জানান, শিক্ষক ধর্মঘটের কারণে তাঁর কোর্স নিয়মিতভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। এরপর শুরু হয়ে যায় কোভিড মহামারী।
নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ক্ষতিপূরণ বিষয়ে কোনো ঐকমত্য না হওয়ায় বিষয়টি এখন হাইকোর্টে সুরাহা হচ্ছে। মঙ্গলবার শুরু হয়েছে দুই দিনের শুনানি। আদালত সন্তুষ্ট হলে পরবর্তী আইনি পদক্ষেপে যাওয়ার অনুমতি পাবে শিক্ষার্থীরা।
আইনি লড়াইয়ে জয়লাভ করলে বঞ্চিত শিক্ষার্থীরা তাদের টিউশন ফির হাজার হাজার পাউন্ড ফেরত পেতে পারে।















