ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল। মঙ্গলবার এই ইশতেহার ঘোষণা করেন দলের নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইশতেহারে ইমিগ্রেশন অর্ধেকে নামিয়ে আনা এবং ১৭ বিলিয়ন পাউন্ডের ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ২০২৭ সালের এপ্রিল মাস নাগাদ চাকুরীজীবীদের আরও ২ পেন্স ন্যাশনাল ইনস্যুরেন্স কমানো হবে। আর আগামী পার্লামেন্টেই সেলফ-এমপ্লয়েডদের ন্যাশনাল ইনস্যুরেন্স বাতিল করা হবে। ফার্স্ট-টাইম বায়ারদের জন্য ঘর কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি কমানো, নতুন একটি হেল্প-টু-বাই স্কিম চালু করা এবং ভাড়াটিয়াদের কাছে ঘর বিক্রি করলে বাড়িওয়ালার ট্যাক্স কমানোর ঘোষণাও আছে ইশতেহারে। এসাইলাম সীকারদের নিয়ে নিয়মিতভাবে রুয়ান্ডা ফ্লাইট চালু রাখা এবং ইমিগ্রেশন অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঋষি সুনাক। মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণার বক্তব্যে ঋষি সুনাক স্বীকার করেন, জনগণ কনজারভেটিভ দলের প্রতি হতাশ এবং গত ১৪ বছরে দলের অনেক ভুল হয়েছে। কিন্তু তারপরও এই নির্বাচনে কনজারভেটিভ দলই একমাত্র দল, যারা ব্রিটেনকে বসবাসের জন্য আরও ভালো একটি দেশে পরিণত করতে সক্ষম।
নির্বাচনী ইশতেহারের কেন্দ্রীয় প্রতিশ্রুতি হচ্ছে, ট্যাক্স কমানো। এর ফলে প্রত্যেক চাকুরীজীবীর বছরে সাশ্রয় হবে ১৩শ পাউন্ড।
যারা ব্যবসা করেন এবং ঝুঁকি নেন তাদেরকে পুরস্কৃত করতে চান ঋষি সুনাক। এজন্য সেলফ-এমপ্লয়েডদের ন্যাশনাল ইনস্যুরেন্স বাতিল করবেন তিনি।
যাদের নিজস্ব ঘর-বাড়ি নেই, প্রথম বাড়ি কেনা সহজ করতে চায় কনজারভেটিভ দল। এজন্য বাড়ি কেনার স্ট্যাম্প ডিউটি দিতে হবেনা ক্রেতাদের।
ভিসা কম দিয়ে ইমিগ্রেশন অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঋষি সুনাক। ইমিগ্রেশন নিয়ন্ত্রণের পথে বাধা ইউরোপীয় মানবাধিকার আদালত। ব্রিটিশ আদালতের উপর এই আদালতের খবরদারী বন্ধ করার সরাসরি ঘোষণা ছিলনা ঋষি শুনাকের বক্তব্যে।















