প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবীতে লন্ডনে লিফলেট বিতরন

114

হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর উদ্যোগে “প্রবাসী ট্রাইবুনাল গঠনের লক্ষে” লন্ডনে বিশেষ কর্মসূচি গ্রহন-প্রাথমিক পদক্ষেপ হিসাবে রয়েছে ২০হাজার লিপলেঠ বিতরণ। গত ২ ফেব্রুয়ারি
হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর উদ্যোগে “প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রচারাভিযানর লক্ষে” এক বিশেষ কর্মসূচী গ্রহন করেছে। এ ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হিসাবে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের বাইরে এদিন জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী, জেনারেল সেক্রেটারি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, আব্দুল আজিজ, কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, নাজমুল হুদা, আঙ্গুর আলীসহ হিউম্যান রাইটস ইউকে এর অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জানানো হয় যে, এ কর্মসূচি অব্যাহত ভাবে চলবে ও পরবর্তী শুক্রবার স্থানীয় ইস্ট লন্ডন মসজিদের বাইরে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ সংগঠনটি ২০১৯ সাল থেকে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ এর নেতৃত্বে এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
প্রবাসী ট্রাইব্যুনাল ছাড়াও হিউম্যান রাইটস ইউকে প্রবাসীদের জন্য আরও যে সমস্ত বিষয়ে কাজ করে যাচ্ছে সেগুলি হল, বিমানের টিকেটের উচ্চ মূল্য, এন আইডি কার্ড প্রভৃতি।

এখানে বিতরণকৃত লিফলেট এর বিবরণটি এখানে তুলে ধরা হল :
বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ীভাবে প্রায় দেড়কোটি বাংলাদেশি বসবাস করেন যারা প্রবাসি হিসেবে পরিচিত। এ সমস্ত প্রবাসিরা তাদের আয়ের যে অর্থ দেশে প্রেরণ করেন সে বৈদেশিক মুদ্রাই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। কিন্তু এ সমস্ত প্রবাসিরা দেশ ভ্রমনকলে বিভিন্ন হয়রানির স্বীকারসহ বিভিন্ন বিষয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত হন। শুধু তাই নয়, প্রবাসিদের বাড়ি-ঘর, সহায় সম্পত্তি অনেক ক্ষেত্রে নিজ আত্মীয়-স্বজনসহ প্রভাবশালিরা জোরপূর্বক দখল করে নেয়। কিন্তু এ সকল ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে আইনগত প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এমতাবস্থায় মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন HRPB প্রবাসিদের সমস্যা সমাধানে ২০১১ সাল থেকে কাজ করছে এবং এ সমস্ত অধিকার প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ে অভিজ্ঞতার আলোকে প্রতীয়মান হয়েছে যে, আইনি দীর্ঘসূত্রিতার কারণেই আইনগত প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসিরা। এ সমস্যা সমাধানে এবং স্বল্প সময়ে প্রবাসিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে “হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)” এর প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ বিগত ২০১৯ সালের ২৮ জুলাই লন্ডনে HRPB ইউকে শাখা কর্তৃক আয়োজিত এক সেমিনারে “প্রবাসি ট্রাইবুনাল” গঠন করার দাবি তুলে ধরেন। পরবর্তিতে HRPB এর পক্ষ থেকে “প্রবাসী ট্রাইবুনাল” গঠন প্রক্রিয়ার বিষয়ে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করা হয়।

এ সমস্ত প্রস্তাবনা সমূহ হল-
১। জেলা জজ বা সম-মর্যাদার একজন বিচারককে প্রবাসী ট্রাইবুনাল এর বিচারক নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে
আইন মন্ত্রণালয় উক্ত বিচারককে বিচারিক ক্ষমতা দিয়ে গেজেট প্রকাশ করবে।
২। প্রবাসী ট্রাইবুনাল এর দায়িত্বপ্রাপ্ত বিচারক এর প্রশাসনিক কর্মকর্তা/সেরেস্তাদার এর নিকট সাদা কাগজে ১০০ টাকা বা সমমূল্যের বৈদেশিক মুদ্রার কোর্ট ফি সংযুক্ত করে যেকোনো প্রবাসী সরাসরি বা ডিজিটাল মাধ্যমে দেশ বা বিদেশ থেকে ঘটনার বর্ণনা দিয়ে ইংরেজি/বাংলায় অভিযোগ দায়ের করে প্রতিকার প্রার্থনা করতে পারবেন এবং উক্ত আবেদনই ট্রাইবুনালে কেস হিসেবে নিবন্ধিত হবে।
৩। আবেদন প্রাপ্তির পর ৩০ দিনের মধ্যে বিচারকের দেয়া নির্ধারিত সময় শুনানীর জন্য তারিখ নির্ধারিত হবে এবং ৯০ দিনের মধ্যে শুনানি শেষ করে বিচারককে রায় প্রদান করতে হবে। আবেদনের বিষয় নিষ্পত্তি করতে ট্রাইবুনালের বিচারক সরাসরি বা ভার্চুয়াল শুনানী গ্রহণ করতে পারবেন। দরখাস্তকারী ও অভিযুক্ত পক্ষদ্বয়কে শুনানীর ১৫ দিন পূর্বে লিখিত ও ডিজিটাল মাধ্যমে নোটিশ প্রদান পূর্বক নিজ বা আইনজীবির
মাধ্যমে হাজির থাকার জন্য নির্দেশ প্রদান করতে হবে।
৪। প্রবাসী ট্রাইবুনাল এর রায়ে যদি জবর দখল সংক্রান্ত কোন নির্দেশনা থাকে তবে সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে রায় বা আদেশ বাস্তবায়ন করবেন। কোনো কর্মকর্তা রায় বাস্তবায়ন না করলে সরকারী চাকুরী আইন ২০১৮ অনুসারে অসদাচরন (misconduct) এর জন্য দায়ী হবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রযোজ্য ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং আনয়ন করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন।
৫। প্রবাসী ট্রাইবুনাল এর রায়ে কোনো পক্ষ সংক্ষুব্দ হলে ৩০ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। তবে ট্রাইবুনালের রায়ে কোন প্রবাসির সম্পত্তি জোরপূর্বক দখল সংক্রান্ত কোনো নির্দেশনা থাকলে সেক্ষেত্রে ট্রাইবুনাল এর সংশ্লিষ্ট নির্দেশনার আদেশ পালন করে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তির পরে যদি ট্রাইবুনালের রায় বাতিল হয় তবে উক্ত সম্পত্তির দখল ১৫ দিনের মধ্যে পূর্বের দখলকারির নিকট পুনরুদ্ধার হবে।
৬। রায়ে যদি প্রমাণিত হয় কোনো প্রবাসীর জমি/বাড়ি/ব্যবসা প্রতিষ্ঠান/অর্থ বে-আইনিভাবে কারো দখলে ছিল তবে এরূপ কাজের সাথে যে পক্ষ জড়িত ছিল ট্রাইবুনাল তাদেরকে উক্ত পরিমান অর্থ বা সম্পত্তি থেকে যা আয় হয়েছে সে পরিমাণ অর্থ ক্ষতিগ্রন্থ পক্ষকে ফেরত প্রদান করতে নির্দেশ দিতে পারবেন। অর্থ প্রদান এর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারন করে দিতে হবে। উক্ত সময় এর মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে আদালত।
৭। প্রবাসী ট্রাইবুনাল গঠন হবার পরে কোনো প্রবাসি পক্ষ চাইলে প্রবাসীর অধিকার সংক্রান্ত বিষয়ে অন্য যেকোনো আদালতে চলমান মামলা ট্রাইবুনালে হস্তান্তরের আবেদন করতে পারবেন। শুনানীর পরে ট্রাইবুনাল যদি মনে করেন মামলাটি দ্রুত বিচারের জন্য ট্রাইবুনালে হস্তান্তর করা প্রয়োজন তবে সে রকম আদেশ দিতে পারবেন। উক্ত আদেশের একটি কপি বিচারাধীন আদালতে প্রেরণ করবেন বিচারাধীন আদালত আদেশ প্রাপ্তির পর মামলাটি হস্তান্তরের লিখিত আদেশ দিয়ে মামলাটি ট্রাইবুনালে অতি সত্ত্বর প্রেরণ করবেন।
৮। প্রবাসী ট্রাইবুনালে কোনো আবেদন দাখিল করা হলে সংশ্লিষ্ট বিষয় কোনো অনুসন্ধান/তদন্ত প্রয়োজন মনে করলে ট্রাইবুনাল করতে পারবেন। তবে একজন জুডিসিয়াল অফিসার কর্তৃক সরজমিনে তদন্ত করে সে রিপোর্ট আমলে নিয়ে সিদ্ধান্ত দিতে পারবেন।
৯। প্রবাসী ট্রাইবুনালে কোনো আবেদন বিচারের জন্য থাকলে আবেদনকারী দেশভ্রমন অথবা ট্রাইবুনালে উপস্থিত হওয়ার বিষয় যদি নিরাপত্তাহীনতা দেখা দেয় তবে ট্রাইবুনাল সংশ্লিষ্ট এলাকার আইন শৃংখলা বাহিনীকে নিরাপত্তার বিষয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিতে পারবেন। প্রয়োজনবোধে স্বল্প সময়ের জন্য অভিযুক্ত ব্যাক্তিকে আটক রাখারও নির্দেশ দিতে পারবেন।