ব্রিটেনের সমুদ্র সৈকতে একই পরিবারের তিনজন নিহত

80

সাইফ হাসান: ব্রিটেনের ওয়েস্ট সাসেক্সের শোরহ্যাম উপকূলে সাগরে নেমে একই পরিবারের তিন সদস্য মা*রা গেছে। এই দুর্ঘটনায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীসহ তার বাবা ও মা প্রাণ হারিয়েছেন। পরিবারের আরেক শিশু সদস্য বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নিহত কিশোরীর বিদ্যালয় কর্তৃপক্ষ।

ওয়েস্ট সাসেক্সের শোরহ্যাম ফোর্টের কাছে গত মঙ্গলবার সাগরে নেমে বিপদে পড়েন ব্রিটিশ-ফিলিস্তিনি নাগরিক হাসান এল-খাওয়াস (৫৫), তার স্ত্রী জেইনা আলায়েন (৩৭) এবং তাদের ১৪ বছর বয়সী মেয়ে সারা এল-খাওয়াস। উদ্ধারকর্মীরা তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া পরিবারের আরেক ছোট মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিম লন্ডনের ইলিং এলাকার এলেন উইলকিনসন স্কুল ফর গার্লস-এর ছাত্রী ছিল সারা। স্কুলের প্রধান শিক্ষিকা র‍্যাচেল ক্রুগার এক শোকবার্তায় জানান, সারা খুবই মিষ্টি স্বভাবের একটি মেয়ে ছিল এবং শিক্ষক ও সহপাঠীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এই মর্মান্তিক ক্ষতিতে পুরো স্কুল পরিবার গভীরভাবে মর্মাহত।

প্যালেস্টাইন ফোরাম জানিয়েছে, এই পরিবারটি মূলত লেবাননের রশিদিয়া শরণার্থী শিবির থেকে আসা ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন। ঘটনার দিন তারা লন্ডন থেকে শোরহ্যামে বেড়াতে গিয়েছিলেন। সৈকতে থাকা পরিবারের আরও দুই শিশুকে বর্তমানে তাদের এক চাচার হেফাজতে রাখা হয়েছে।

সাসেক্স পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল পল কোর্ট ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং এর পেছনে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন। শোরহ্যামের স্থানীয় মুসলিম সেন্টারসহ সর্বস্তরের মানুষ নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন এবং চিকিৎসাধীন শিশুটির সুস্থতা কামনা করছেন।

#aknews #onebanglanews #ব্রিটেনসংবাদ #আন্তর্জাতিকখবর #মর্মান্তিকদুর্ঘটনা