শেষ যাত্রায় বিদায় নিল প্রতিবন্ধীদের বিনামূল্যের সেবা দেয়া নৌকা ডলফিন থ্রি

32

সাইফ হাসান: ইংল্যান্ডের পুল হারবারে প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিনামূল্যে সেবা দেয়া নৌকা ডলফিন থ্রি শেষ যাত্রায় বিদায় নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নৌকাটির কার্যক্রম শেষ হয়। স্থানীয় বিভিন্ন সংস্থা ও ক্লাব একসঙ্গে অংশ নিয়ে এ বিদায়যাত্রাকে স্মরণীয় করে তোলে। ডলফিন থ্রির স্থলে আগামী মার্চে নতুন নৌকা চালু হবে। ২০০৮ সাল থেকে সেবা দেয়া এ নৌকা হাজারো যাত্রীর প্রিয় ভরসা ছিল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (ব্রিটিশ সময়) শেষবারের মতো যাত্রী নিয়ে পুল কুই বোট হেভেন ছাড়ে ডলফিন থ্রি। বিদায়যাত্রায় আরএনএলআই, ইয়ট ক্লাব ও বন্দর কর্তৃপক্ষের নৌকা পাশাপাশি বেসরকারি নৌযানও অংশ নেয়। স্থানীয় দাতব্য সংস্থা ফ্রেন্ডস অব ডলফিন ১৯৮২ সাল থেকে এ সেবা চালিয়ে আসছে।

ডলফিন থ্রি চালু হয়েছিল ২০০৮ সালে। এর আগে ১৯৮০ সালে ডলফিন ওয়ান এবং ১৯৯০ সালে ডলফিন টু যাত্রা শুরু করে। তিনটি নৌকাতেই প্রতিবন্ধী যাত্রী ও তাদের সেবাদাতারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন।

ডলফিন থ্রির অধিনায়ক ও ট্রাস্টি বিল লস্ট বলেন, এটি একটি আবেগঘন মুহূর্ত। তবে নতুন নৌকা দিয়ে আগামী বছর আরও ভালোভাবে সেবা দেয়া যাবে। তিনি জানান, বিদায় উপলক্ষে যেসব সংগঠন সংস্থাটিকে সহযোগিতা করেছে তারাই একসঙ্গে এ আয়োজন করেছে।

ডলফিন থ্রি একসঙ্গে ১২ জন যাত্রী বহন করতে পারত এবং মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলত। এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষ এ নৌকায় ভ্রমণ করেছে। পুরো সংস্থা প্রতিষ্ঠার পর থেকে মোট প্রায় ৬০ হাজার যাত্রীকে সেবা দিয়েছে। স্বেচ্ছাসেবকদের পরিচালিত এই দাতব্য সংস্থা ২০১৭ সালে রানির স্বেচ্ছাসেবা পুরস্কার পেয়েছিল।