মায়ের বয়ফ্রেন্ড হত্যা করলো শিশু জ্যাকবকে (ভিডিও)

158

ওয়ানবাংলানিউজ: ছবিতে দেখা যাচ্ছে নিজের কটে খেলনা নিয়ে হাসিখুশি ১৫ মাস বয়সের শিশু জ্যাকব লেননকে। এভাবেই হাসিখুশি থাকার কথা ছিল জ্যাকবের। কিন্তু এই ছবি তোলার দুই সপ্তাহেরও কম সময়ে মায়ের বয় ফ্রেন্ডের হাতে প্রাণ হারায় এই অবুঝ শিশু। তাঁর ওপর যেভাবে শারীরিক নির্যাতন ও বর্বরতা চালানো হয়েছিল, লন্ডনের ওল্ড বেইলি আদালতের শুনানিতে তাকে সেডিসটিক হিসেবে বর্ণনা করা হয়। আর জ্যাকবের বেডরুমকে বলা হয় একটি টর্চার চেম্বার। জ্যাকবের দেহে, মুখে আর লজ্জাস্থানে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া যায়। দক্ষিণ-পশ্চিম লন্ডনের পাটনী এলাকায় নিজ ঘরে ২০১৯ সালের ২৭ অগাস্ট জ্যাকবের মায়ের বয় ফ্রেন্ড জেইক ড্রামণ্ড শিশু জ্যাকবকে তীব্র বেগে ঝাঁকুনি দেয় এবং তাঁকে আঘাত করে। দুই তলা ভবনের উপর থেকে মাটিতে ফেলে দিলে মাথায় যে মাত্রায় আঘাত পাওয়া যায়, জ্যাকবের মাথায় তেমন আঘাত লাগে।

এই হলো জ্যাকব লেননের হত্যাকারী। ৩৩ বছর বয়স্ক মাদকাসক্ত জেইক ড্রামণ্ড। হত্যার কয়েক মাস আগে সে জ্যাকব লেননের মা ৩২ বছর বয়স্ক লুইজ লেননের সাথে সম্পর্কে জড়ায়। আদালতের শুনানিতে লুইজ লেনন জানায়, বয় ফ্রেন্ড জেইক ড্রামণ্ড তাঁকে নিয়ন্ত্রণ করত এবং ভয় দেখাতো। কিন্তু আদালতে লুইজ লেননের বিরুদ্ধে শিশুর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ প্রমাণিত হয়। ছেলের মৃত্যুর জন্য তাঁকেও দায়ী করা হয় আদালতে। জ্যাকব লেননের যেদিন মৃত্যু হয় সেদিন ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা বলেছিলেন লুইজ লেনন। তিনি বলেছিলেন, কট থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিল জ্যাকব।

জ্যাকব লেননকে হত্যার দায়ে ২৬ মে, শুক্রবার ওল্ড বেইলি আদালত জেইক ড্রামণ্ডকে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছেন। মা লুইজ লেননকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ওল্ড বেইলি আদালতের বিচারক বলেন, জ্যাকব লেননের দেহে নির্যাতনের অনেক ছবি আছে। কিন্তু এই ছবিটাই হয়তো সবচেয়ে হৃদয়স্পর্শী।

সদা হাস্যজ্জল শিশু জ্যাকব আপনজনের হাতে বর্বরতার শিকার হয়ে প্রাণ হারালো, অথচ তাদের হাতেই সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল তাঁর।