হোম সেক্রেটারি কি পদত্যাগ করবেন?

83

ওয়ানবাংলানিউজ: অনুমোদনহীন গতিতে গাড়ি চালানোর দায়ে হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান নতুন সমালোচনার মুখোমুখী হয়েছেন।
ড্রাইভিং আইন ভঙ্গের এ ধরনের ঘটনার শাস্তি সাধারণত হয়, ‘স্পীড এওয়ারনেস কোর্স’ এ অংশগ্রহণ করা। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিজ ব্রাভারম্যান অন্যদের সাথে গ্রুপে কোর্সটি না করে ব্যাক্তিগতভাবে ‘ওয়ান-অন-ওয়ান’ করতে চেয়েছিলেন। তবে গ্রুপের অন্য লোকেরা তাঁকে চিনে ফেলবে- একারণে তিনি একা কোর্সটি করতে চেয়েছিলেন কিনা- এই প্রশ্নের উত্তর খবরে বলা হয়নি। কিন্তু প্রাইভেটলি তিনি কোর্স করার জন্য তাঁর অফিসের সরকারি কর্মকর্তাদের সহায়তা চেয়েছিলেন সুয়েলা ব্রাভারম্যান। এ কারণেই তিনি নতুনভাবে সমালোচনার মুখে পড়েছেন।

সোমবার এক সরকারি পরিদর্শনের কাজে গিয়ে হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, ড্রাইভিং আইন ভঙ্গের বিষয়টি নিয়ে তিনি যথাযথ আচরণ করেছেন।

গত বছর এটর্নি জেনারেল এর পদে থাকা অবস্থায় সুয়েলা ব্রাভারম্যান স্পীডিং আইন ভঙ্গ করেন। তখন তাঁকে গ্রুপে ‘স্পীড এওয়ারনেস কোর্স’ করতে বলা হয়। তখন তিনি প্রাইভেটলি এই কোর্স করার জন্য তাঁর অফিসের সরকারি কর্মকর্তাদের সহায়তা চেয়েছিলেন। তাঁরা অপারগতা প্রকাশ করেন। ঋষি সুনাকের মন্ত্রীসভায় হোম সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পর সুয়েলা ব্রাভারম্যান কোর্স না করে ড্রাইভিং লাইসেন্সে শাস্তিমূলক তিন পয়েন্ট গ্রহণ করেন। কিন্তু তিনি কি মিনিস্তেরিয়াল কোড, অর্থাৎ মন্ত্রীদের আচরণবিধি ভঙ্গ করেছিলেন?

আচরনবিধিতে বলা আছে, সরকারি দায়িত্ব পালন এবং ব্যাক্তিগত স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের যাতে অবতারণা না হয় কিংবা অবতারণা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, তা মন্ত্রীদের নিশ্চিত করতে হবে।

ড্রাইভিং আইন ভঙ্গের ব্যক্তিগত বিষয়ে সরকারি আমলাদের জড়ানোর কারণেই মন্ত্রীদের আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে সমালোচনা হচ্ছে। প্রধানমন্রী ঋষি সুনাক এখন বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখনও তিনি তদন্তের নির্দেশ দেননি।

সুয়েলা ব্রাভারম্যান দলের মধ্যেই একজন বিতর্কিত রাজনীতিক। এর আগেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিজ ট্রাসের মন্ত্রীসভা থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। টোরি দলেই হোম সেক্রেটারির মিত্র আছেন অনেকে। তাদের একজন জেকব রীজ মগ এমপি। প্রভাবশালী এমপিদের মন রক্ষা করে চলতে তাই ঋষি সুনাক সাবধানে পদক্ষেপ নেবেন।

সুয়েলা ব্রাভারম্যান এর ড্রাইভিং আইন ভঙ্গের ইস্যুতে সোমবার বিকেলে উত্তপ্ত ছিল হাউজ অফ কমন্স।

আপাততঃ হোম সেক্রেটারি তাঁর নিয়মিত দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত আছেন। টেন-ডাউনিং স্ট্রীটে সোমবার প্রবেশের সময়ে এমন কথাই জানালেন তিনি।

তবে প্রধানমন্ত্রীর দফতরের অভ্যন্তরে হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেয়া উচিত, সে বিষয়ে আলোচনা চলছে।