ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার পক্ষে মাত্র ৪১ শতাংশ বৃটিশ

123

ওয়ানবাংলানিউজ ডেস্ক: বৃটেনের কি ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়া উচিৎ? এমন প্রশ্নের জবাবে সংখ্যাগরিষ্ঠ বৃটিশ দ্বিমত পোষণ করেছেন। মাত্র ৪১ শতাংশ জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার পক্ষে। ওই জরিপটি চালিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। তাতেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তায় বৃটিশদের অনিচ্ছা উঠে এসেছে।

জরিপে দেখা গেছে যে, ২৭ শতাংশ বৃটিশ মনে করেন শুধু যুদ্ধবিমান নয় বৃটেনের মোটেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্ত হওয়া উচিৎ নয়। গত বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর ভ্লাদিমির পুতিনের বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে চলেছে ন্যাটোভুক্ত দেশগুলো। তবে সবথেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, বৃটেন ও জার্মানি। কিন্তু এখন বৃটিশরা মনে করছেন যে, তারা ইউক্রেনের জন্য যথেষ্ট করেছেন।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে একের পর এক সহায়তা চেয়ে চলেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিলিয়ন মিলিয়ন রাউন্ড গোলা এবং কামান সবই ইউক্রেনে সরবরাহ করে চলেছে পশ্চিমা দেশগুলো। সর্বশেষ ইউক্রেনকে শতাধিক অত্যাধুনিক ট্যাংক দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।