১৬ বছর বয়সী দুজনের বিয়ের ঘটনায় মসজিদের ইমাম অভিযুক্ত, আদালতে হাজিরা ১১ সেপ্টেম্বর

46

সাইফ হাসান: যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনে মসজিদে ১৬ বছর বয়সী দুই কিশোর-কিশোরীর নিকাহ পড়ানোর অভিযোগে ইমাম আশরাফ উসমানিকে অভিযুক্ত করেছে পুলিশ। বাংলাদেশে জন্ম নেওয়া এই ব্রিটিশ নাগরিককে জোরপূর্বক বিয়ে প্রতিরোধ আইনের আওতায় চার্জ গঠন করা হয়েছে। ৫২ বছর বয়সী উসমানি আগামী ১১ সেপ্টেম্বর নর্থ্যাম্পটন ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন।

পুলিশ জানায়, ২০২৩ সালের নভেম্বরে নর্থ্যাম্পটন সেন্ট্রাল মসজিদে এই নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কারও বিয়ে আয়োজন বা সম্পন্ন করা সম্পূর্ণ অবৈধ, জোর করা হোক বা না হোক।

২০২২ সালে সংশোধিত আইন কার্যকর হয় ২০২৩ সালে, যেখানে বলা হয় ১৮ বছরের নিচে বিয়ে দিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। এই আইনের অধীনেই ইমামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। পুলিশ বলেছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।