ওয়ানবাংলানিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই টার্মের সর্বশেষ অধিবেশনে বর্তমানে ক্ষমতাসীন লেবার দলের গত ৪ বছরের অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
গত সপ্তাহে অনুষ্টিত কাউন্সিল অধিবেশনে এসংক্রান্ত এক মোশনে ক্ষমতাসীন লেবার দলের উল্লেখযোগ্য অর্জনকে তুলে ধরে আগামিতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
গত ৪ বছরের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে দারিদ্র বিমোচনে কাউন্সিলের ৬.৬ মিলিয়ন পাউন্ডের ট্যাকেলিং পোভার্টি ফান্ড, ফ্রি স্কুল মিলে বরাদ্দ অব্যাহত এবং শতভাগ কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম।
এছাড়া কাউন্সিলের ২০০০ হাজার কাউন্সিল বাড়ি নির্মানেও ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানানো হয় । নির্ধারিত সময়ের মধ্যেই ২,০৪৬ বাড়ি বাসিন্দাদের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে বলে মোশনে আশাবাদ ব্যক্ত করা হয়।
মোশনে বারার দরিদ্র্য বাসিন্দাদের সহযোগিতার জন্য ট্যাকেলিং পোভার্টি ফান্ডের মাধ্যমে সহযোগিতা, বৈষম্য কমিয়ে আনতে আরো উদ্যোগ এবং মেয়র অব লন্ডনের সাথে পার্টনারশীপ বৃদ্ধির বিষয়ে জোর দেয়া হয়।
মহামারীর কুফল হিসাবে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির কারনে বাসিন্দাদের কষ্ট লাঘবে আরো করনীয় নির্ধারনেও গুরুত্ব আরোপ করা হয়।
এব্যাপারে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, মহামারী এবং কনজারভেটিবের ব্যয় সংকোচনের কারনে গত ৪ বছরে বাসিন্দাদের একটা অনিশ্চিত সময় পার করতে হয়েছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এর সাথে নতুন কষ্ট যোগ করেছে। এত সবের পরেও এই সময়ের মধ্যে আমি আমাদের অর্জন নিয়ে গর্বিত। ফ্রন্ট লাইন সার্ভিস রক্ষা, দারিদ্র্য বিমোচন এবং নতুন কাউন্সিল বাড়ী নির্মানে আমাদের অগ্রগতি উল্লেখ করার মতো।
ডেপুটি মেয়র কাউন্সিলার আসমা বেগম বলেন, কাউন্সিলের অর্জনে আনীত মোশনটি উত্থাপন করতে পেরে আমি গর্বিত। আমরা আমাদের চিলন্ড্রেন সার্ভিসকে ঢেলে সাজিয়েছি, ইয়ুথ সার্ভিসকে আধুনিকায়নের মাধ্যমে তরুনদের কাছে পৌঁছে দিয়েছি, ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক ইনইক্যুয়ালিটিস কমিশন গঠনের মাধ্যমে একটি ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রগতি সাধন করেছি।















