সিলেট সংবাদদাতা :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদনটি করেন।
এ মামলার আবেদনে মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের নাম রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী আব্দুল হক। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন সাবেক প্রতিমন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন, সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলার আবেদন করেছি।
ওয়ানাবাংলানিউজ / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন















