ফের রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিহত ১২

943

চট্টগ্রাম সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে ফের রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মাইনুদ্দিন। রোববার রাতে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে গোলারচর পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। ঘটনার কিছু সময় পর আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরো বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকাটিতে ৩৫ জনের মতো নারী, পুরুষ ও শিশু ছিল। ভাটার সময় দমকা হাওয়ার কারণে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটছে। অন্তত ১৬ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।’নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড ও বিজিবির সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।

এর আগে আগস্ট মাসে নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে যায়। এতে প্রায় ৩০ জনের মতো প্রাণ হারান।
গেলো ২৫ আগস্ট সীমান্তচৌকিতে হামলার অজুহাতে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন শুরু হয়। নারীদের ধর্ষণ করা হয়। অত্যাচার সইতে না পেরে প্রায় পাঁচ লাখের বেশি রোহিঙ্গা নাফ বাংলাদেশে প্রবেশ করে। তাদের অধিকাংশই শিশু-নারী এবং বৃদ্ধ।