ব্রিটেনে পরিবেশবাদীদের ডার্টফোর্ড ক্রসিং অবরোধ, ক্ষুব্ধ গাড়ি চালকেরা

166

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের সকল বাসস্থানে বসবাসের উপযুক্ত তাপমাত্রা নিশ্চিত করতে বসতবাড়িগুলোকে ইন্সুলেশনের আওতায় আনার দাবিতে গত এক মাস যাবত তীব্র আন্দোলন করে যাছে ‘ইন্সুলেট ব্রিটেন’ নামে একটি সংগঠন। আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের কর্মীরা এম-২৫ এবং এম-৪ সহ লন্ডনে প্রবেশের বিভিন্ন রাজপথে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। বুধবারও একই রকম এক অবরোধের কর্মসূচিতে ‘ইন্সুলেট ব্রিটেন’ এর কর্মীরা ডার্টফোর্ড ক্রসিং এলাকা অবরোধ করলে গাড়ি চালকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

কিছু গাড়ি চালককে আইন নিজের হাতে তুলে নিতে দেখা যায়। এক মাসের চেয়ে বেশী সময় ধরে এমন ডাইরেক্ট একশন দেখাচ্ছে ‘ইন্সুলেট ব্রিটেন’। কিন্তু বুধবারের এই কর্মসূচিতে এক কুৎসিত পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, এভাবে প্রতিবাদ করা ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই।

ডার্টফোর্ড ক্রসিং এর কাছাকাছি কয়েকজন আন্দোলনকারী নিজেদেরকে রাস্তার সাথে আঠা দিয়ে আটকে রাখে। পুলিশ এসে তাদে রকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এসেক্স পুলিশ জানিয়েছে, জনজীবনকে অতিস্ট করার ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে।

সরকার এ বিষয়ক কয়েকটি হাইকোর্ট ইঞ্জাংশনে জয়লাভ করেছে। এর ফলে রাস্তা অবরোধের কারণে আন্দোলনকারীরা কারাদণ্ড পেতে পারেন।

স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করতে ‘ইন্সুলেট ব্রিটেন’ এর এই অবরোধ কর্মসূচি কার্যকর প্রমাণিত হয়েছে এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। কিন্তু এই আন্দোলনে তারা জনগণের সমর্থন পাচ্ছে কিনা, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।