খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার লিডটা এখন পর্যন্ত ২৪৬ রান। হাতে রয়েছে মূল্যবান সাত উইকেট। পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের সামনে বড় রানের লক্ষ্য রাখতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের কম রানের মধ্যে আটকানোর যথাসাধ্য চেষ্টা করছেন টাইগার বোলাররা। সেই লক্ষ্যেই চতুর্থ দিনটা শুরু করেছে মুশফিকবাহিনী। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা খুব বেশি বড় হতে দিতে চান না মুস্তাফিজ-মিরাজরা। দিনের শুরুটা ভালোই করলেন মুস্তাফিজুর রহমান। চতুর্থ দিনের শুরুতেই প্রোটিয়া ব্যাটিং স্তম্ভ হাশিম আমলাকে ফিরিয়েছেন কাটার মাস্টার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে ৭০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২৪৬ রানের লিড নিয়েছে ফাফ ডু প্লেসিস বাহিনী। তৃতীয় দিনের দুই উইকেটে ৫৪ রান নিয়ে আজ শুরু করেছে স্বাগতিকরা। টিম্বা বাভুমা ৮ রানে ব্যাট করছেন।
এর আগে ১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ। শুরুতেই প্রথম ইনিংসে ১৯৯ রান করা ডিন এলগারকে ফিরিয়ে দেন শফিউল ইসলাম। লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান এলগারকে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকার রান তখন ৩০। এরপর দলীয় ৩৮ রানে মার্করামকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নেই পার করেন আমলা ও বিভুমা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে ৩২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।















