নিজ আসনে এগিয়ে গেলেন মমতা

489

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। ভোট গণনার শুরু থেকেই মোট আসনের দিক থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির থেকে এগিয়ে থাকলেও দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নিজ আসনে পিছিয়ে ছিলেন।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়- মমতা বন্দ্যোপাধ্যায় এক পর্যায়ে বলেন, ‘সময় গড়ালে নন্দীগ্রামে এগিয়ে যাব।’ আর তারপরই এগিয়ে যান মমতা!

নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্ধী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বলেছিলেন,‘মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ট্যাম্প তৈরি করে রাখুন।’ আজ সকাল থেকে এগিয়েও ছিলেন শুভেন্দু। কিন্তু মমতার প্রতিক্রিয়া আসার পরপরই দেখা যায় নন্দীগ্রামে এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেটা যদি শেষ পর্যন্ত ধরে রাখা যায়, তাহলে হাফ লাখ ভোটে হারানো যাবে না মমতাকে।

কালীঘাটের বাড়ি থেকে কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘জয় নিয়ে সংশয়ের কোনও কারণ নেই৷ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস যেমন ভাল ফল করছে তেমনি নন্দীগ্রামেও জয়ী হবো৷ কোনওভাবেই হাল ছাড়া চলবে না৷ যে আসনগুলোতে দল পিছিয়ে, সেখানেও শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে হবে৷’
নন্দীগ্রামে ২ হাজার ৩৩১ ভোটে এগিয়ে গিয়েছেন মমতা।