ঢাকা সংবাদদাতা: দুদিন আগে উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তারা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির ১৮তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটা দেওয়া হবে বিপিএলের আসন্ন আসরের আয় থেকে।
বন্যার্তদের পুর্নবাসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। সেই কাজে সামান্য অবদান রাখতেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দিবে বিসিবি।
এ বিষয়ে বোর্ড মিটিং শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু বিপিএলে বড় অঙ্কের একটা অর্থ খরচ হয়, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার। বন্যায় যারা ক্ষতিগ্রস্থ তাদের সহায়তার জন্য দেওয়া হবে এই টাকা। সরকার থেকে যে ব্যবস্থা নিচ্ছে পুনর্বাসন ও অন্যান্য বিষয়ে, সেগুলোতে আমরা ডোনেট করব।’
এর আগে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় বিসিবি।















