খেলাধুলা ডেস্ক: স্পিন ধরছে মিরপুরের উইকেটে। আন-ইভেন বাউন্স, স্কিড, বাড়তি টার্ন নিচ্ছে বল। ব্যাটসম্যানদের জন্য দ্বিতীয় দিনেই ব্যাট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন উইকেটে রান তাড়া করাটা কঠিন হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার। তবে তিনি আশাবাদীও। আগামীকাল যদি ভালো বল করতে পারেন এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাট করতে পারে তাহলে ফল তাদের পক্ষেও আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
সোমবার দিনশেষে সংবাদ সম্মেলনে অ্যাস্টন অ্যাগার বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রান তাড়া করাটা কঠিন হবে। তবে কালকে যদি আমরা ভালো বোলিং করতে পারি, বাংলাদেশকে অল্প রানে আটকে রাখতে পারি এবং দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটসম্যানরা ভালো করেন তাহলে রান তাড়া করে ভালো ফল পাওয়া সম্ভব।’
বাংলাদেশের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করছে। বিশেষ করে সাকিব আল হাসান। পাঁচ উইকেট নিয়েছেন তিনি। মেহেদী হাসানও ভালো বল করছে। তার বল মাঝে মাঝে দুর্বোধ্য হয়ে ওঠে। এই উইকেটে অ্যাকুরেসি নিয়ে কেউ বল করলে তাকে খেলা কঠিন। তবে দেখে-শুনে খেললে রান পাওয়া যায়।’















