বিনোদন ডেস্ক: গ্রামে এসেছেন জনপ্রিয় নায়িকা সাহানা খান। চারপাশের প্রকৃতি দেখে তিনি মুগ্ধ। তাকে পেয়ে চটজলদি চলছে সেলফি। কিন্তু বিপত্তি বাঁধায় খলিল ভাইয়ের ছাগল। প্রতিটি সেলফিতে ঢুকে পড়ে সে। ত্রাতা হিসেবে হাজির হন স্বয়ং ছাগলের মালিক। তার প্রতি মজে যায় নায়িকা। এরপর দু’জনে চুটিয়ে আইটেম গানে নেচেছেন।
‘ব্ল্যাক বেঙ্গল দি সেলফি হিরো’ নাটকে মুমতাহিনা টয়া ও জাহিদ হাসান‘ব্ল্যাক বেঙ্গল দি সেলফি হিরো’ নাটকের গল্পে দেখা যাবে এ দৃশ্য। খলিল চরিত্রে জাহিদ হাসান ও সাহানার ভূমিকায় অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। চিত্রনাট্যের প্রয়োজনে টয়াকে নিয়ে ‘লুঙ্গি ড্যান্স’ দেখিয়েছেন জাহিদ। ‘যেদিকে তাকাই তুমি শুধু তুমি’ শিরোনামের গানে নেচেছেন তারা।
ঈদুল আজহা উপলক্ষে দীপ্ত টিভির ‘গল্পগুলো গরুর’ শিরোনামের ধারাবাহিক আয়োজনে থাকছে ‘ব্ল্যাক বেঙ্গল দি সেলফি হিরো’। এতে আরও অভিনয় করেছেন প্রাণ রায় এবং ড. ইনামুল হক। আইটেম গানে নেচেছেন তারাও। সেট বানিয়ে কোরিওগ্রাফি করিয়ে গানটির শুটিং হয়েছে বলে জানা যায়।
‘ব্ল্যাক বেঙ্গল দি সেলফি হিরো’ নাটকে জাহিদ হাসাননাটকটির পরিচালক মিলন ভট্টাচার্য জানান, মূলত ঈদে বাড়তি আনন্দ যোগ করতেই আইটেম গান রাখা হয়েছে। চরিত্রের প্রয়োজনে পুরো নাটকে লুঙ্গি পরে থাকেন জাহিদ হাসান। এজন্য এই লুঙ্গি ড্যান্স। তাকে ঘিরে এটি পুরোপুরি হাসির নাটক। ‘ব্ল্যাক বেঙ্গল দি সেলফি হিরো’ লিখেছেন মারুফ রেহমান। ঈদের দিন (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি।











