ঢাকা সংবাদদাতা: রাঙামাটির লংগদু উপজেলায় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় জংগলী চাকমা (৩২) নামে জেএসএস- এর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৫ জুন) উপজেলার দোসরপাড়া স্ট্রিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের নেতাদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হন তিনি।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্চন কুমার সমান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ট্রিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং জেএসএসের (এমএন-লারমা) নেতারা অবস্থান করছিল। এসময় ধনপতি ও মনমতি এলাকা থেকে ইউপিডিএফ নেতারা আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় জেএসএস কর্মী জংগলী চাকমা নিহত হন এবং সুমতি চাকমা (৩০) আহত হন।
জেএসএস-এর লংগদু উপজেলার সভাপতি অলঙ্গ চাকমা জানান, ‘জংগলী চাকমা আমাদের সাবেক কর্মী। সে বাজারে যাওয়ার পথে ইউপিডিএফ কমান্ডার শ্রমনের নেতৃত্বে ১৪ জনের একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। আমরা তাদের নাম পরিচয় পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
ইউপিডিএফ-এর সংগঠক নিরন চাকমা বলেন, ‘এসব ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত না। এটি তাদের নিজেদের মধ্যে ঝামেলা।’















