চিত্রনায়িকা সাদিয়া আফরিন এক দিনের রিমান্ডে

914
বিনোদন ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত বুধবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

সাদিয়া আফরিনের বিরুদ্ধে অভিযোগ, সিনেমা বানানোর কথা বলে তিনি আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ কাজে তার স্বামীও যুক্ত রয়েছে বলে অভিযোগ।

এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেফতার করে সিআইডির একটি দল। এরপর বুধবার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। কিন্তু আদালত কেবল সাদিয়াকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, মিজানুর রহমান খাঁন নামে এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া বলেন যে, আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলেন যে, আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন। সাদিয়া ও তার স্বামী এরকম নানান লোভ দেখিয়ে মিজানুর রহমানকে ৩ কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি ৫০ লাখ টাকা তাদের প্রদান করেন।

কিন্তু টাকা দেয়ার কিছু দিন পর থেকেই ভোল পাল্টাতে থাকেন সাদিয়া ও তার স্বামী সৌরভ। বারবার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করেন। এরপর টাকা ফেরত চাইলেও তারা দিতে অস্বীকার করেন। তাই অন্য কোনো উপায় না পেয়ে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।

উল্লেখ্য, সাদিয়া আফরিন অভিনীত কোনো সিনেমা মুক্তি পেয়েছে বলে জানা যায়নি। তবে তিনি কয়েকটি সিনেমার আইটেম গানে নেচেছেন।