সাইফ হাসান: বড়দিনের আগে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের চারটি নির্দিষ্ট ভাতাভোগীদের জন্য এককালীন সর্বোচ্চ ৫৩১ পাউন্ড ১০ পেন্স দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মূলত স্কটল্যান্ডে নতুন চাকরি শুরু করার প্রাথমিক খরচ মেটাতে তরুণদের এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যোগ্য প্রার্থীরা আবেদন করলে এককালীন ৩৩১ পাউন্ড ৯৫ পেন্স এবং শিশুদের প্রধান দেখভালকারী হলে ৫৩১ পাউন্ড ১০ পেন্স পাবেন। এই অনুদানের অর্থ কোনোভাবেই ফেরত দিতে হবে না এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
স্কটল্যান্ডের ১৬ থেকে ২৪ বছর বয়সী যেসব তরুণ গত ছয় মাস ধরে বেকার রয়েছেন এবং নির্দিষ্ট ভাতা পাচ্ছেন, তারা এই জব স্টার্ট পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া কেয়ার লিভার বা সরকারি তত্ত্বাবধান থেকে বের হওয়া তরুণরা ২৬তম জন্মদিনের আগের দিন পর্যন্ত এই সুযোগ পাবেন এবং তাদের ক্ষেত্রে কেবল চাকরির প্রস্তাব পাওয়ার দিন ভাতাভুক্ত থাকলেই চলবে। ইনকাম-বেসড জবসিকার্স অ্যালোয়েন্স, ইনকাম সাপোর্ট, ইনকাম-রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালোয়েন্স অথবা ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া ব্যক্তিরা এর আওতায় আসবেন।
চাকরির প্রস্তাব পাওয়ার পর ছয় মাসের মধ্যে এই অনুদানের জন্য আবেদন করা যাবে, এমনকি ট্রায়াল শিফট সম্পন্ন করলেও আবেদনের যোগ্যতা বাতিল হবে না। নতুন কাজে যোগ দেওয়ার যাতায়াত ভাড়া, দুপুরের খাবার, কাজের পোশাক বা ইউনিফর্ম এবং শিশুদের দেখভালের খরচ মেটাতেই সোশ্যাল সিকিউরিটি স্কটল্যান্ড এই অর্থ প্রদান করবে। বর্তমান ভাতা যেভাবে পরিশোধ করা হয়, এই অর্থও ঠিক সেভাবেই বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এ বিষয়ে সামাজিক ন্যায়বিচার বিষয়ক ক্যাবিনেট সেক্রেটারি শার্লি-অ্যান সোমারভিল জানান, মৌসুমি চাকরি তরুণদের মূল্যবান অভিজ্ঞতা দেয় এবং স্থায়ী কর্মসংস্থানের পথ খুলে দেয়। বছরের এই সময়ে পারিবারিক বাজেটের ওপর বাড়তি চাপ থাকায় যাতায়াত ও পোশাকের খরচ মেটাতে যোগ্য সবাইকে আবেদন করার আহ্বান জানান তিনি। স্কিলস ডেভেলপমেন্ট স্কটল্যান্ডের প্রধান ডেভ ম্যাককালামও বলেন, কর্মজীবনের শুরুতে আর্থিক বাধা দূর করে তরুণদের নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
#যুক্তরাজ্যসংবাদ #স্কটল্যান্ড #চাকরিসহায়তা #aknews #onebanglanews















