অনলাইন গেইমে শিশুদের টার্গেট করছে যৌন অপরাধীরা

204

ওয়ানবাংলানিউজ: শিশুদের কাছে জনপ্রিয় কিছু কম্পিউটার গেইমের মাধ্যমে শিশুদের টার্গেট করে তাদের সাথে যোগাযোগ সৃষ্টি করছে শিশু যৌন অপরাধীরা। হাম্বারসাইড পুলিস কর্তৃপক্ষ এ বিষয়ে পিতামাতাদের সতর্ক করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে এমন প্রায় অর্ধ শত ঘটনা তারা তদন্ত করেছেন।

১২ বছর বয়স থেকে এই মেয়েটিকে নানাভাবে ফুসলিয়ে ১৫ বছর বয়সে যৌন সম্পর্কে জড়ায় এক অপরাধী। সে তাঁর ওপর শারীরিক নির্যাতনও করতো। বিবিসির প্রতিবেদনে নিকি ছদ্মনামের এই মেয়েটির বয়স এখন ২০ বছর। কিন্তু তাঁর অতীত স্মৃতি এখনও তাকে মানসিক কষ্টে কুরে কুরে খায়।

চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ঘটনা তদন্তকারি হাম্বারসাইড পুলিশের একটি দল এই মেয়ের ক্ষেত্রে একই রকম পুরনো কৌশলে শিশুদের ফুসলানোর ঘটনা দেখতে পায়।

গত ১২ মাসে হাম্বারসাইড পুলিশ চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ১১৮টি ঘটনা রেকর্ড করেছে। এসব ঘটনার অর্ধেকই ঘটেছে ইন্টারনেটে। প্রতি ১০ জন ভিক্তিমের মধ্যে ৮ জনই মেয়ে, যাদের বয়স ১১ থেকে ১৪ বছর। কিছু ভিকটিমের বয়স আরও কম।

শিশুদের যৌন নিপীড়ন ও নির্যাতনের বিষয়ে দেশব্যাপী একটি প্রচারণা চলছে। অনলাইনে এমন কোন কথাবার্তা চোখে পড়লে এবং কেউ ঝুঁকিতে আছে বলে মনে হলে, জনগণকে সে তথ্য পুলিসকে অবহিত করার আহবান জানানো হচ্ছে। এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে অভিভাবকদের সচেতন করে তুলতে একটি কোর্স করানো হচ্ছে। সেপ্টেম্বর মাসে চালু হওয়ার পর থেকে বিভিন্ন স্কুলের মাধ্যমে প্রায় ২শ অভিভাবক এই কোর্স করেছেন।