বিদেশি শিক্ষার্থীদের চাকরির ফাঁদে ফেলে অবৈধ কাজে ব্যবহার করছে এক চক্র

35

সাইফ হাসান: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের অবৈধ পণ্য পাচারের কাজে জড়াচ্ছে যুক্তরাজ্যের সংঘবদ্ধ দলগুলো। অর্থের প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে বেআইনি পার্সেল গ্রহণ ও আনা-নেওয়ার কাজ করানো হচ্ছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ এটিকে নতুন ধরনের অপ*রাধ প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে কোনো কিছু না জেনেই বহু তরুণ-তরুণী মারাত্মক আইনি জটিলতায় জড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এই ফাঁদ পাতা হচ্ছে। ঘরে বসে কাজ, কোনো অভিজ্ঞতা ছাড়াই সপ্তাহে একশ থেকে পাঁচশ পাউন্ড আয়ের মতো নানা লোভনীয় বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হয়। এই ধরনের পার্সেলের ভেতর নিষিদ্ধ ওষুধ, অবৈধ অ*স্ত্র, চোরাই মালামাল ও কালো টাকা আদান-প্রদান করা হচ্ছে বলে প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পার্সেলের ভেতরে কী আছে তা না জানলেও কোনো ব্যক্তি আইনগত দায় এড়াতে পারবে না। এ ধরনের সামগ্রী গ্রহণ বা হস্তান্তরের সাথে জড়িত থাকলে মাদক ও অ*স্ত্র রাখার পাশাপাশি অর্থপাচার বা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা হতে পারে। ফলে কোনো অতীত ইতিহাস ছাড়াই অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে ফৌজদারি রেকর্ডের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়ছে।

ওয়েস্ট ইয়র্কশায়ারের চিফ ইন্সপেক্টর মিশেল সুইফট বলেন, সামান্য অর্থের আশায় কাউকে সহযোগিতা করা কিংবা সহজ পথে উপার্জনের চেষ্টা কোনো ব্যক্তির জীবনে স্থায়ী পুলিশি তদন্তের কারণ হতে পারে। কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অন্ধকার চক্রের হাত থেকে বাঁচাতে অভিভাবকদের সরাসরি সন্তানদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে লিংকনশায়ার পুলিশও এমন ডেলিভারি জালিয়াতি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছিল। কেউ যদি নিজের অজান্তেই এমন পার্সেল পাচারচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন, তবে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে সব বার্তা ও স্ক্রিনশট পুলিশের কাছে জমার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অপরিচিত নামের কোনো পার্সেল ঘরে এলে তা না খুলে সংশ্লিষ্ট ডেলিভারি সংস্থাকে ফিরিয়ে দেওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

#যুক্তরাজ্য #শিক্ষার্থী_সতর্কতা #আইনশৃঙ্খলা #aknews #onebanglanews