সাইফ হাসান: উত্তাল সমুদ্রে ৩৩ ঘণ্টারও বেশি সময় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভেসে থাকার পর ৫১ জন অভিবাসীকে উদ্ধার করে যুক্তরাজ্যের ডোভার বন্দরে নিয়ে আসা হয়েছে। ফ্রান্সের নরম্যান্ডি উপকূল থেকে একটি ছোট নৌকায় চড়ে তারা ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন। অভিবাসীদের আগমনকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে যুক্তরাজ্যের সীমান্ত রক্ষা বাহিনীর উদ্ধারকারী দল তাদের নিরাপদে উপকূলে নামিয়ে আনে।
ফরাসি উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, অভিবাসীবাহী ছোট নৌকাটি সোমবার সকালে বায়ো অঞ্চলের পশ্চিমের ভিয়েরভিল-সুর-মের নামের একটি উপকূলীয় গ্রাম থেকে ছেড়ে যায়। চরম বৈরী আবহাওয়া ও সাগরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ৩৩ ঘণ্টারও বেশি সময় ভেসে থাকার পরও নৌকায় থাকা ব্যক্তিরা শুরুতে কোনো ধরনের সহায়তা নিতে চাননি। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির অবনতি ও সার্বিক নিরাপত্তার কথা ভেবে ব্রিটিশ উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে সীমান্ত সুরক্ষা কমান্ডের কাছে হস্তান্তর করে।
অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে হ্যাম্পশায়ারের গোসপোর্ট এলাকায় শত শত অভিবাসীবিরোধী বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ছয়জনকে আটক করে হ্যাম্পশায়ার পুলিশ। গোসপোর্ট এলাকার স্থানীয় এমপি ক্যারোলিন ডিনেনেজ নৌকার যাত্রীদের হ্যাম্পশায়ারে না নামানোর অনুরোধ জানালে কর্তৃপক্ষ তাদের পানিপথেই কেন্টের ডোভার বন্দরে নিয়ে যায়। বুধবার মধ্যরাতে কমলারঙের লাইফ জ্যাকেট পরে অভিবাসীরা তীরে নামেন।
এদিকে অভিবাসীদের বহনকারী নৌকাটির ওপর ড্যানি টমো নামের এক অভিবাসীবিরোধী অ্যাক্টিভিস্ট ছুরি দিয়ে আঘাত করেছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় নৌকাটিতে কোনো অভিবাসী ছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ, তবে ছড়িয়ে পড়া ওই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এছাড়া ডোভার বন্দরে পৌঁছানোর পর সেখানেও প্রায় বিশ জনের মতো মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা গত বছরের তুলনায় প্রায় ছেচল্লিশ শতাংশ কমেছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারির কারণে এই সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সীমান্ত পাহারা দেওয়ার কাজ চব্বিশ ঘণ্টাই চলছে এবং ছোট নৌকায় আসা প্রত্যেককে যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতায় রাখা হবে।
#অভিবাসী #যুক্তরাজ্য #ইংলিশ_চ্যানেল #aknews #onebanglanews















