যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় ‘সব উপায়’ খতিয়ে দেখা হবে: স্টারমার

51

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার জরুরি কোবরা বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব মোকাবিলায় সরকার “সম্ভব সব উপায়” বিবেচনা করবে। এ লক্ষ্যে তিনি শীর্ষ মন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার বিকেলে তিনি কোবরা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে অংশ নেবেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি, অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস, জ্বালানি সচিব এড মিলিব্যান্ড এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

লন্ডনের একটি স্কুল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টারমার বলেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং সরকারি ঋণের খরচও বাড়ছে—এ অবস্থায় জনগণকে আশ্বস্ত করতে তিনি সব ধরনের পদক্ষেপ নিতে চান।

তিনি বলেন, “কোবরা বৈঠক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জাতীয় গুরুত্বের বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়। সাধারণত এটি সামরিক বা জরুরি কনস্যুলার বিষয়ে ব্যবহৃত হয়, কিন্তু ইরান যুদ্ধের কারণে মানুষ এখন শুধু সংঘাত নয়, বরং এটি তাদের পরিবারে কী প্রভাব ফেলবে তা নিয়েও উদ্বিগ্ন।”

স্টারমার আরও বলেন, “আজ আমরা অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করছি এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সরকারের হাতে থাকা সব উপায় ব্যবহারের বিষয়ে কোবরা বৈঠকে আলোচনা করতে বলেছি। এজন্যই ব্যাংক অব ইংল্যান্ডসহ সংশ্লিষ্টদের সেখানে রাখা হয়েছে।”

তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বৈঠকের পরই জনগণের জন্য নতুন আর্থিক সহায়তা ঘোষণা করা হবে—এমন সম্ভাবনা কম। বরং আলোচনায় গুরুত্ব পাবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন, জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্যের ঘাটতি রোধ এবং অতিরিক্ত মুনাফা (প্রফিটিয়ারিং) ঠেকানো।

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, “মানুষ যখন টিভিতে যুদ্ধ দেখে, তখন স্বাভাবিকভাবেই তারা ভাবেন এটি তাদের পরিবারে কী প্রভাব ফেলবে। তাই আমরা এই বৈঠক করছি অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণের জন্য।”

অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সংঘাতের প্রভাব ১৯৭০-এর দশকের তেল সংকট কিংবা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেয়েও বড় হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং কার্যত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করেছে—যা ইউরোপগামী তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ পথ।

এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার সময়সীমা পাঁচ দিন বাড়িয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে।

ডাউনিং স্ট্রিট এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। স্টারমারের মুখপাত্র বলেন, “আমরা সবসময়ই বলেছি দ্রুত যুদ্ধের সমাধান বৈশ্বিক স্বার্থে জরুরি, এবং হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রবিবার রাতে স্টারমার ও ট্রাম্পের মধ্যে ২০ মিনিটের ফোনালাপ হয়, যা “গঠনমূলক” বলে উল্লেখ করা হয়েছে।

স্টারমার বলেন, “এখন সবচেয়ে জরুরি বিষয় হলো উত্তেজনা কমানো। আমাদের স্বার্থ ও ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে হবে, তবে যুদ্ধের মধ্যে জড়িয়ে না পড়ে।”

জনমত জরিপ অনুযায়ী, এই যুদ্ধ ব্রিটেনে খুব একটা জনপ্রিয় নয়। স্টারমার শুরুতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি এবং পরে সীমিতভাবে শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার জন্য অনুমতি দিয়েছেন।

এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন এবং স্টারমারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করেছেন।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরান ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে—এমন কোনো আশঙ্কা বর্তমানে নেই। তবে এমন কিছু ঘটলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট রয়েছে।